বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ইউনাইটেড হাসপাতাল লিমিটেড দিনব্যাপী স্বাস্থ্য সচেতনতা কর্মসূচির আয়োজন করে।
দিনব্যাপী এ আয়োজনের সূচনা হয় সকাল সাড়ে ৬টায় হাসপাতাল থেকে শুরু হওয়া ২.৫ কিলোমিটার ওয়াকাথন এর মাধ্যমে। বিশ্ব হার্ট দিবস পালনের গুরুত্ব তুলে ধরে ওয়াকাথন এর শুভ সূচনা করেন হাসপাতালের কার্ডিওলজি বিভাগের চিফ কনসালটেন্ট ডা. এএনএম মোমেনুজ্জামান। হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী, গুলশান, বারিধারা ও নিকেতন সোসাইটির বিপুল সংখ্যক মানুষ এতে অংশগ্রহণ করেন।
ওয়াকাথন শেষে হাসপাতালের লবি এলাকায় উদ্বোধন করা হয় হেলথ বুথ, যেখানে আগতদের জন্য বিনামূল্যে রক্তচাপ ও রক্তের শর্করা পরিমাপ, বিশেষজ্ঞ চিকিৎসক ও ডায়েট পরামর্শসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। এ সময় ডা. এএনএম মোমেনুজ্জামান, ডা. কায়ছার নসরুল্লাহ খান, ডা. রেয়ান আনিস এবং ডা. এ এম শফিক অংশগ্রহণকারীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ স্বাস্থ্যবার্তা প্রদান করেন এবং হার্টের সমস্যার নানা প্রশ্নের উত্তর দেন।
কর্মসূচির বিশেষ এক আয়োজন ছিল পেশেন্ট ফোরাম, যেখানে ইউনাইটেড হাসপাতালের সেবা গ্রহণ করা রোগী ও তাদের স্বজনরা উপস্থিত থেকে সরাসরি বিশেষজ্ঞ চিকিৎসকদের প্রশ্ন করার সুযোগ পান। চিকিৎসকরা তাৎক্ষণিকভাবে সেসব প্রশ্নের উত্তর দেন, যা রোগীদের আস্থা ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখে।
ইউনাইটেড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী মালিক তালহা ইসমাইল বারী বলেন,আমাদের লক্ষ্য কেবল চিকিৎসা প্রদান নয়, বরং জনগণকে স্বাস্থ্য সচেতন করে তোলা। আমরা সুস্থ জীবনের বার্তা আরও ব্যাপকভাবে ছড়িয়ে দিতে চাই।
পরিশেষে হাসপাতালের কমিউনিকেশন ও বিজনেস ডেভেলপমেন্ট এর জেনারেল ম্যানেজার ডা. ফজলেরাব্বী খান বিশ্ব হৃদরোগ দিবসে মানুষকে হৃদরোগের গুরুত্ব বুঝতে এবং সচেতনতা তৈরির জন্য নানা আয়োজনে সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য সবাইকে ধন্যবাদ জানান। তিনি বলেন, আমরা যেন হার্টের সতর্কতামূলক লক্ষণগুলি উপেক্ষা না করি, স্বাস্থ্যকর অভ্যাস বজায় রাখি, নিয়মিত চেক-আপ করি এবং সময়মত বিশেষজ্ঞ চিকিৎসকের চিকিৎসা সহায়তা নেই।