গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুর রহমান দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত হয়েছেন। রবিবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে গাজীপুর মহানগরীর বড়বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।
পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। দুর্বৃত্তদের হামলায় তার পায়ের একটি নখ উঠে গেছে, পায়ের আঙুল থেঁতলে গেছে এবং মাথায় মারাত্মক আঘাত পেয়েছেন। তার মাথায় ১২টি সেলাই দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রমিক অধিকার পরিষদ গাজীপুর মহানগরের সভাপতি মাজেদুর রশীদ।
তিনি জানান, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি ও শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি এবং গণঅধিকার পরিষদ থেকে মনোনীত গাজীপুর-৬ আসনের এমপি প্রার্থী আব্দুর রহমান রাতে বাসায় ফেরার পথে বড়বাড়ি এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে দুর্বৃত্তরা তাকে অপহরণের চেষ্টা চালায়। তাকে জোরপূর্বক একটি হায়েজ গাড়িতে উঠানোর চেষ্টা করা হয়েছিল। তিনি গাড়িতে উঠতে না চাইলে তাকে টেনে অনেক দূর নিয়ে যাওয়া হয়। এক পর্যায়ের পুলিশের টহল গাড়ি দেখে মাইক্রোবাসে ঝুলন্ত অবস্থায় আব্দুর রহমানকে ধাক্কা দিয়ে সড়কের পাশে কেটে দিয়ে হায়েস গাড়িটি দ্রুত গতিতে চলে যায়।
আব্দুর রহমানকে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালানো হয় বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদের গাজীপুরের নেতারা। তারা এই ঘটনার তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে দুবৃত্তদের আইনের আওতায় আনার দাবি জানান।
সে ব্যাপারে গাজীপুর মেট্রোপলিটন গাছা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, পুলিশ আহত অবস্থায় গণ অধিকার পরিষদের নেতা আব্দুর রহমানকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। কারা এই হামলার সঙ্গে জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে। সোমবার বেলা বারোটা পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি।