সিরাজগঞ্জের কাজিপুরে বাসচাপায় বাইসাইকেল আরোহী কাওসার আলী নামে এক মাদরাসাছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতার বাসটিতে আগুন ধরিয়ে দেয়। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার শ্যামপুর বাজার এলাকায় কাজিপুর-ধুনট আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কাওসার আলী (১৫) ওই উপজেলার মানিকপটল গ্রামের আবুল কাশেমের ছেলে ও শিমুলদাইর হাফিজিয়া মাদরাসার শিক্ষার্থী।
এলাকাবাসীর বরাতে কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরে আলম জানান, সকালে কাওসার আলী নামে ওই ছাত্র মাদরাসা থেকে বাইসাইকেলে সোনামুখী বাজার দিয়ে তার বাড়িতে যাচ্ছিল। এ সময় পেছন থেকে দ্রুতগামী আঁখি পরিবহণ নামে একটি যাত্রীবাহী বাস তার সাইকেলটিকে চাপা দিলে তিনি ঘটনাস্থলে নিহত হন। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা বাসটি আটকে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে কাজিপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বাসের বেশিরভাগ অংশ পুড়ে গেছে।
এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।