কুমিল্লার বুড়িচংয়ে কেক কেটে শেখ হাসিনার জন্মদিন পালন করার অভিযোগে যুবলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।
রবিবার (২৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার বিভিন্ন স্থানে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন-আবিদপুর গ্রামের মো. আনোয়ার, মোখলেসুর রহমান ও মো. শাহজাহান।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক জানান, শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে রবিবার সন্ধ্যায় মোকাম ইউনিয়নে কেক কেটে বিশেষ অনুষ্ঠান আয়োজন করে। ওই অনুষ্ঠানের নেতৃত্ব দেন বুড়িচং উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য মজিবুর রহমান। অনুষ্ঠানের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। এর পরপরই রাতে অভিযান চালিয়ে মো. আনোয়ার, মোখলেসুর রহমান ও মো. শাহজাহানকে গ্রেপ্তার করা হয়।
ওসি জানান, গ্রেপ্তার হওয়া তিনজনই মোকাম ইউনিয়ন যুবলীগের সক্রিয় নেতা। তাদের বিরুদ্ধে আগে থেকেই নাশকতার মামলা রয়েছে। এ ঘটনায় নতুন করে আরেকটি মামলা করা হয়েছে। সকালে আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।