কারাবন্দি সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদের মৃত্যু

কারাবন্দি সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন (৭৫) মারা গেছেন। গতকাল সোমবার সকাল ৮টা ১০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে মারা যান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের এ সদস্য। 

গতকাল ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান নরসিংদী-৪ আসনের সাবেক এ সংসদ সদস্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত শনিবার সন্ধ্যায় ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। তখন মেডিসিন বিভাগে ভর্তি রাখা হয়। অবস্থার অবনতি হলে পরে দ্রুত তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি।

এদিকে নূরুল মজিদের ছেলে মনজুরুল মজিদ মাহমুদ সাদি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তার বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেন লিখেছেন, আমার বাবা আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দোয়া করবেন আল্লাহ পাক যেন তাকে জান্নাত নসিব করেন।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার এ কে এম মাসুম বলেন, সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি কারারক্ষীদের পাহারায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। তিনি বিভিন্ন ধরনের রোগে ভুগছিলেন। এর আগেও তাকে একাধিকবার হাসপাতালে নেওয়া হয়েছিল।

হাসপাতাল সূত্র জানায়, নূরুল মজিদ মাহমুদ ‘আনকন্ট্রোলড বাওয়েল অ্যান্ড ব্লাডার’ সমস্যায় ভুগছিলেন। তিনি ঢামেক হাসপাতালের ৬০২ নম্বরে ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে নরসিংদীতে সংঘটিত হত্যা, হামলা ও ভাঙচুরের এক মামলায় গত বছরের ২৫ সেপ্টেম্বর রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার হন তিনি। এরপর ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ২৭ সেপ্টেম্বর কারাগার থেকে প্রথমে বিএমই (সাবেক পিজি) হাসপাতাল এবং পরে ঢামেক হাসপাতালে পাঠানো হয়।