কক্সবাজার সদর উপজেলায় প্রকাশ্যে ছুরিকাঘাত করে এক যুব জামায়াত নেতাকে হত্যা করা হয়েছে। আমজাদ হোসেন (২৫) নামে ওই নেতা স্থানীয় ওয়ার্ড যুব জামায়াতের সভাপতি ও কোরআনের হাফেজ ছিলেন।
সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে চৌফলদণ্ডী ইউনিয়নের নতুনমহাল বাজারে এ হত্যাকাণ্ড ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিষিদ্ধ ছাত্রলীগের ওয়ার্ড সভাপতি রাফি ও তার আরও দুই সঙ্গী আমজাদকে প্রকাশ্য দিবালোকে ছুরিকাঘাত করে। এ সময় আমজাদের পেটে দুটি ও পিঠে একটি গুরুতর ক্ষত সৃষ্টি হয়।
ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাকে ঈদগাঁও হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। নিহতের বড় ভাই ও কক্সবাজার সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক সাদ্দাম হোসেন বলেন, পূর্ব শত্রুতার কারণেই আমার ভাইকে হত্যা করা হয়েছে। আমরা এর বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
কক্সবাজার সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি আজিজুর রহমান অভিযোগ করেন, রাফি ও তার পরিবারের সদস্যরা স্থানীয় রাজনৈতিক প্রভাব ব্যবহার করে জমি দখল ও মামলা দায়েরের মাধ্যমে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।
কক্সবাজার সদর মডেল থানার ওসি ইলিয়াস খান নিশ্চিত করেন যে, পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং একজনকে আটক করা হয়েছে।
এদিকে, রাত ১০টার দিকে কক্সবাজার শহরে এই হত্যাকাণ্ডের প্রতিবাদে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন। তারা ছাত্রলীগ নেতাদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাম দেন।
জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাশেদুল হক বলেন, আওয়ামী সন্ত্রাসীরা আমাদের সহযোদ্ধার ভাইকে হত্যা করেছে। ২৪ ঘণ্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেপ্তার না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।