সিরিজ শুরুর আগেই ছিটকে গেলেন ম্যাক্সওয়েল

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সিরিজে চোটের মিছিলে যুক্ত হলো আরও এক নাম। সিরিজ শুরুর আগেই ছিটকে গেলেন গ্লেন ম্যাক্সওয়েল। মাউন্ট মঙ্গানুইয়ে অনুশীলনে বোলিংয়ের সময় চোট পান ম্যাক্সওয়েল। মিচেল ওয়েলের শটে বল এসে লাগে ম্যাক্সওয়েলের হাতে। স্ক্যান করার পর ডান হাতের কবজিতে চিড় ধরা পড়ে।

চিড় ধরা পড়ার পরই দেশে ফিরে গেছেন ম্যাক্সওয়েল। বিশেষজ্ঞ দেখানোর পর জানা যাবে, কতদিন মাঠের বাইরে থাকতে হবে ম্যাক্সওয়েলকে।

ম্যাক্সওয়েলের বদলে ডাক পেয়েছেন জশ ফিলিপে। তিনি ঠিক অলরাউন্ডার নন, বরং কিপার-ব্যাটসম্যান। অস্ট্রেলিয়ার হয়ে ৩ ওয়ানডে ও ১২ টি-টোয়েন্টি খেলেছেন তিনি, সবশেষ খেলেন ২০২৩ সালের ডিসেম্বরে।

অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের আরেক ভরসা জশ ইংলিশ চোটের কারণে ছিটকে গেছেন আগেই। সিরিজে তারা পাচ্ছে না প্যাট কামিন্স, ক্যামেরন গ্রিন ও ন্যাথান এলিসকে। নিউজিল্যান্ডও খেলবে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ছাড়াই। অধিনায়ক মিচেল স্যান্টনারসহ তাদের নিয়মিত দলের পাঁচ-ছয় ক্রিকেটার খেলতে পারছেন না।

মাউন্ট মঙ্গানুইয়ে তিন ম্যাচের সিরিজটি শুরু হবে বুধবার।