সালাহউদ্দিন আহমদ

দেশের মানুষ পিআর পদ্ধতির বিপক্ষে

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশের মানুষ পিআর (সমানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতির বিপক্ষে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, দেশের জনগণ এখন নির্বাচনমুখী। সম্ভাব্য প্রার্থী ও সাধারণ মানুষ জনসংযোগে নিয়োজিত আছেন। কোনো দল যদি নির্বাচন প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করতে চায়, তবে জনগণ তাদের চিহ্নিত করবে এবং রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করবে।

তিনি বলেন, দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার উত্তরণে এখনই বাধা সৃষ্টির চেষ্টা দৃশ্যমান হচ্ছে। তিনি আরও বলেন, দেশি-বিদেশি যে কোনো শক্তি যদি ষড়যন্ত্র করে, জনগণই তাদের প্রতিহত করবে।

তিনি বলেন, ধর্মের ভিত্তিতে রাজনীতিতে বিভাজন চায় না বিএনপি। সব ধর্ম-বর্ণের সমন্বয়ে রাজনীতি করে দলটি এবং সে কারণেই সুষ্ঠু ও গণতান্ত্রিকভাবে ভোটাধিকার প্রয়োগের পূর্ণাঙ্গ অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে চায় তারা।

বিএনপির এই নেতা দাবি করেন, পিআর পদ্ধতি হচ্ছে একটা পারমানেন্ট রেস্টলেসনেস পদ্ধতি। যার মধ্য দিয়ে বিভিন্ন দেশে এটা দেখা গেছে একটি অস্থিতিশীল পরিস্থিতি বিদ্যমান থাকে সব সময়ের জন্য। কোনো স্থায়ী সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় না। এই প্রক্রিয়ায় কখনো মেজরিটির ভিত্তিতে সরকার গঠন করা সম্ভব হয় না। এটি জ্বলন্ত পার্লামেন্ট থাকে। অস্থির অবস্থা থাকে।

বাংলাদেশের মানুষ পিআর পদ্ধতির বিপক্ষে। তিনি উল্লেখ করে বলেন, একটা জরিপে দেখলাম ৫৬ শতাংশ মানুষ পিআর পদ্ধতির বিরুদ্ধে। কোন একটা জরিপে দেখলাম কোনো একটা দল বলছে ৭০ শতাংশ লোক পিআর পদ্ধতি চায়, সেটা কীভাবে চায় আমাদের বুঝে আসে না। আমরা পিআর মানে মনে করি পাবলিক রিলেশন। আমরা পিআর মানে মনে করি জনসংযোগ। এখন সবাই জনসংযোগে আছে। সেই পিআরে আমরা বিশ্বাস করি।

তিনি সব রাজনৈতিক দলকে বিভক্তি দূর করারও আহ্বান জানান।