দুমকিতে জরাজীর্ণ সড়কে ভোগান্তিতে গ্রামবাসী

দীর্ঘদিন সংস্কার অভাবে পটুয়াখালীর দুমকির চর বয়ড়া গ্রামের সড়ক ও জনপথের (সওজ) সড়কটি ছোট বড় খানাখন্দে পরিনত হয়েছে।  এতে করে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্কুলগামী শিক্ষার্থীসহ এলাকাবাসীকে।

স্থানীয়রা জানান, প্রায় ১ দশমিক ৩ কিলোমিটার দীর্ঘ এই সড়কটি নির্মাণের পর থেকে আর কোনো সংস্কার হয়নি। বর্ষা মৌসুমে এর রাস্তায চলাচলকারীদের দুর্ভোগের কোনো অন্ত থাকে না।  ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও উপজেলা প্রশাসনের কাছে বারবার আবেদন করা হলেও কার্যক কোনো লাভ হয়নি। বার বার নির্বাচনের সময় প্রতিশ্রুতি দিলেও পরবর্তীতে তা রক্ষা করতে দেখা যায়নি। 

তারা জানায়, এ সড়কটি শুধু চরবয়ড়া গ্রামের জন্যই নয়, আশপাশের আরও কয়েকটি গ্রামের প্রধান যোগাযোগ মাধ্যম। কৃষি নির্ভর এ এলাকার প্রায় ৮০ শতাংশ মানুষ তাদের উৎপাদিত ফসল বাজারে আনতে গিয়ে অতিরিক্ত পরিবহন খরচ বহন করছেন। ফলে কৃষিপণ্যের লাভজনক দাম থেকেও তারা বঞ্চিত হচ্ছেন এলাকার কৃষকরা।

সড়কটি নির্মাণের পর থেকে আর কোনো সংস্কার হয়নি। ছবি: প্রতিনিধি

স্থানীয় কৃষক আনোয়ার হোসেন মঞ্জু বলেন, এই সড়কটি দ্রুত পাকা করা জরুরি। তা হলে আমাদের যাতায়াত সহজ হবে, পণ্য পরিবহন খরচ কমবে এবং আধুনিক যোগাযোগ ব্যবস্থার সঙ্গে গ্রামটি যুক্ত হবে।

এলাকাবাসীর দাবি, অবিলম্বে সড়কটি সংস্কার করে পাকা করার উদ্যোগ নিতে হবে। তা না হলে দুর্ভোগ আরও বাড়বে এবং শিক্ষা, কৃষি ও চিকিৎসা সেবায় নেতিবাচক প্রভাব পড়বে।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মো.মনিরুজ্জামান বলেন, অগ্রাধিকার বিবেচনায় সড়কটির সংস্কার প্রস্তাব পাঠানো হবে। প্রয়োজনীয় বরাদ্দ পেলে দ্রুততার সঙ্গে সড়কটির মেরামত কাজ শুরু করা হবে।