দীর্ঘদিন ধরে আড়ালে থাকা নব্বই দশকের জনপ্রিয় ও প্রভাবশালী নায়িকা সাদিকা পারভিন পপি বিরতি ভেঙে আবার আলোচনায়। চলতি বছরের শুরুর দিকে (ফেব্রুয়ারিতে) পাঁচ বছর আড়াল জীবনযাপনের কথা তুলে ধরে পপি জানান বিয়ে করে পুরোদস্তুর সংসারি এবং এক সন্তানের মা তিনি। পারিবারিক বিরোধের জেরে লম্বা এক ভিডিও বার্তায় নিজের স্বামী সন্তান ও পারিবারিক জটিলতা নিয়ে আবেগঘন বক্তব্য দিতে দেখা যায় পপিকে। তখন তিনি অভিনয়ে আর ফিরবেন না বলেও এক ধরনের নিশ্চয়তা দেন।
কয়েক দিন চলতি মাসে নিজের জন্মদিনেও আড়াল থেকে তিন বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী জানিয়েছিলেন, অসমাপ্ত সিনেমাগুলোর কাজ শেষ করবেন তিনি। আর তখন থেকেই আলোচনা বাড়তে থাকে পপিকে ঘিরে। সম্প্রতি এই আলোচনা আরও একধাপ বাড়িয়ে দিয়ে পপি জানালেন, বাকি থাকা সিনেমার শুটিং শেষ করলেও আর ক্যামেরার সামনে দাঁড়াবেন না তিনি। তবে চলচ্চিত্র প্রযোজনা করব। এটা আমার জন্য নতুন কিছু না। এর আগেও আমি সিনেমা প্রযোজনা এমনকি পরিচালনাও করেছি।
পপির ফেরা না ফেরা নিয়ে যখন চলচ্চিত্র ও দর্শকমহলে কৌতূহল ঘনীভূত, ঠিক তখনই নতুন আরেকটি খবর সামনে আনলেন নায়িকা। জানালেন, আগামী মাসেই (১৭ অক্টোবর) মুক্তি পাচ্ছে সাত বছর ধরে দফায় দফায় শুটিং করা ‘ডাইরেক্ট অ্যাটাক’ সিনেমাটি। এর মাধ্যম সাত বছর পর পর্দায় ফিরছেন পপি। জানা গেছে, ২০২০ সালে সিনেমাটির শুটিং শেষ করেন অভিনেত্রী। তারপর আবারও উধাও হয়ে যান তিনি। মাঝে অবশ্য বেশ কয়েকবার সিনেমাটির মুক্তির ঘোষণা দেওয়া হলেও নানা কারণে আলোর মুখ দেখেনি সিনেমাটি। এর পরিচালক সাদেক সিদ্দিকীও নিশ্চিত করে বলেছেন ১৭ অক্টোবর প্রেক্ষাগৃহে আসছে ‘ডাইরেক্ট অ্যাটাক’। পরিচালক বলেন, ‘বেশ কয়েকবার সিনেমাটির মুক্তির পরিকল্পনা করেও শেষ মুহূর্তে পরিস্থিতির কথা বিবেচনা করে সিদ্ধান্ত থেকে সরে আসতে হয়েছিল। এবার মুক্তি পাবে এটাই চূড়ান্ত।
পরিচালক আরও বলেন, ‘অনেক আগেই সিনেমাটির মুক্তির অনুমতি পেয়েছিলাম। ভেবেছিলাম পপিকে নিয়েই প্রচার-প্রচারণা করে সিনেমাটি মুক্তি দেব। এত দিন ওর অপেক্ষায় ছিলাম। তবে সেটা আর হচ্ছে না। পপির সঙ্গে আমার যোগাযোগ নেই। ও সবকিছু থেকে নিজেকে গুটিয়ে নিয়েছে। যে কারণে এখন একাই সবকিছু করতে হবে।’
‘ডাইরেক্ট অ্যাটাক’-এ একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন পপি। তার বিপরীতে দেখা যাবে আমিন খানকে। পপিকে সর্বশেষ দেখা গেছে ২০১৯ সালে মুক্তি পাওয়া ‘দি ডিরেক্টর’ সিনেমাতে। এরপর আর তার কোনো সিনেমা মুক্তি পায়নি। মুক্তির অপেক্ষায় আছে তার আরও দুই সিনেমা ‘ভালোবাসার প্রজাপতি’ ও ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’।