বিজিবি হবে সীমান্তে নিরাপত্তা ও আস্থার প্রতীক: মহাপরিচালক

বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন, বিজিবি সীমান্তে নিরাপত্তা ও আস্থার প্রতীকে পরিণত হবে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে শ্যামনগর উপজেলার কৈখালী এস আর হাইস্কুল মাঠ প্রাঙ্গণে একটি সুপেয় পানি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এই প্রকল্পের মাধ্যমে এখন দৈনিক এক হাজার পরিবার সুপেয় পানি সংগ্রহ করতে পারবেন।

বিজিবি মহাপরিচালক জানান, উপকূলীয় এলাকার মানুষের প্রধান সমস্যা হলো সুপেয় পানির সংকট। এখানকার মানুষ পুকুর ও বৃষ্টির পানি পান করেন, যা অনিরাপদ। এ অঞ্চলের মানুষের দাবির প্রেক্ষিতে বিজিবির পক্ষ থেকে ৫৬ লাখ টাকা ব্যয়ে এই প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে। তিনি এটিকে বিজিবির একটি মানবিক উদ্যোগ হিসেবে আখ্যায়িত করেন।

বনদস্যু নিয়ন্ত্রণ প্রসঙ্গে তিনি বলেন, সুন্দরবন সীমান্তে অভিযান জোরদার করা হয়েছে। কোস্টগার্ডও এ লক্ষ্যে অপারেশন পরিচালনা করছে। সম্মিলিতভাবে বনদস্যু নিয়ন্ত্রণে কাজ করা হচ্ছে। এ ক্ষেত্রে তিনি জনগণের কাছ থেকে সুনির্দিষ্ট তথ্য দিয়ে সহায়তার আহ্বান জানান।

প্রকল্পের উদ্বোধন শেষে শতাধিক স্থানীয় মানুষের মাঝে খাদ্য ও চিকিৎসা সেবা প্রদান করা হয়। এ সময় বিজিবির অতিরিক্ত মহাপরিচালক সৈয়দ নওফেল মাহমুদ, সোহরাব হোসেন ভূইয়া, শরীফুল ইসলাম, নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল শাহরিয়ার রাজীব, পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।