এস আলম গ্রুপের অভিযুক্তদের দেশে ফেরাতে ইন্টারপোলের দারস্থ দুদক

দুর্নীতি দমন কমিশন (দুদক) এস আলম গ্রুপের বিরুদ্ধে ব্যাংক খাতে অর্থ লুটপাটের অভিযোগের তদন্ত চলছে জানিয়ে তাদেরকে দেশে ফেরাতে ইন্টারপোলের সহায়তা নেওয়া হয়েছে বলে জানিয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। তিনি বলেন, অভিযুক্তদের আইনের আওতায় আনতে কাজ করছে দুদক।

এদিকে, প্রায় ৫৩ কোটি টাকা অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে সিএনএফ এজেন্ট সামসুর রহমানের বিরুদ্ধে মামলার কথা জানিয়েছে দুদক।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায় আবদুস সোবহান গোলাপের স্ত্রী গুলশান আরার বিরুদ্ধে মামলা করেছে দুদক।

এছাড়া, সাড়ে ৯ কোটি টাকার অবৈধ সম্পদ ও ১২০ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়ায় ভোলা-২ আসনের সাবেক এমপি আলী আজম মুকুল ও তার স্ত্রীর বিরুদ্ধেও মামলা করা হয়েছে।