পূজায় হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার বেড়েছে

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্টে যাত্রী পারাপার আগের তুলনায় বেড়েছে। কেউ বা বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছেন চিকিৎসা করতে ও আত্মীয় স্বজনের সাথে দেখা করতে। আবার কেউ বা আসছেন ভারত থেকে বাংলাদেশে পূজা উদযাপন করতে।

হিলি ইমিগ্রেশন কার্যালয় সূত্রে জানা গেছে, এক সপ্তাহ আগেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে গড়ে প্রতিদিন ১শ থেকে ১৫০ জন পাসপোর্ট যাত্রী দু’দেশের মাঝে যাতায়াত করলেও বর্তমানে সেই সংখ্যা বেড়েছে। বর্তমানে গড়ে প্রতিদিন ১৮০ থেকে ২শ জন পাসপোর্ট যাত্রী যাতায়াত করছেন। ভ্রমণ ভিসা বন্ধ থাকায় অনেক সনাতন ধর্মাবলম্বী ভারতে গিয়ে পূজা উদযাপন করতে পারছে না। তেমনি পূজা উপলক্ষ্যে ছুটি পেলেও ভিসার কারণে ভারতে ভ্রমণ করতে পারছে না অনেক পর্যটক। বর্তমানে এই পথ দিয়ে মেডিক্যাল, বিজনেস এবং স্টুডেন্ট ভিসায় পাসপোর্ট যাত্রীরা পারাপার করছেন।

ভারতে যাওয়া দিলীপ রায় বলেন, আমার বাড়ি নওগাঁ জেলায়। প্রতিবছর এখানেই পূজা উদযাপন করে থাকি। এবার ইচ্ছা হলো ভারতে গিয়ে প্রতিমা দর্শনসহ সেখানেই দুর্গাপূজা উদযাপন করব। সেই সাথে শরীরটা একটু খারাপ করছে যার কারণে ডাক্তার দেখাব।

বৃষ্টি রানী নামের এক নারী বলেন,আমি আমার বাবা-মার সাথে ভারতে যাচ্ছি পূজা দেখতে। সেখানে বড় বড় প্রতিমা হয় সেগুলো দেখার জন্য যাচ্ছি। যেহেতু এখন পূজায় স্কুল বন্ধ রয়েছে।

ভারতে যাওয়া বিপ্লব চক্রবর্তী বলেন, এর আগে ভিসা পাওয়া খুব সহজ ছিল। তখন পরিবার পরিজন নিয়ে ভারতে যেতাম পূজা দেখতে, চিকিৎসা করতে আবার ঘুরে বেড়াতে। কিন্তু বর্তমানে ভিসার যে কড়াকড়ি ভ্রমণ ভিসা তো দিচ্ছেই না যার কারণে ছেলেমেয়ে নিয়ে যেতে পারছি না। এখন আমাদের বুড়াবুড়ির দুজনের ভিসা হয়েছে দুজনেই যাচ্ছি।

বাংলাদেশে আসা পূর্ণিমা রানী বলেন, আমার বাসা ভারতে। প্রতিবছর ভারতেই পূজা উদযাপন করি। কিন্তু বাংলাদেশে আমাদের অনেক আত্মীয় রয়েছে তারা তো আসতে পারছে না। তাই এবার আমি বাংলাদেশে। এতে বাংলাদেশে প্রতিমা কেমন হয় সেটিও দেখা হবে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু তালেব বলেন, দুর্গাপূজা উপলক্ষ্যে গত এক সপ্তাহ ধরে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার আগের তুলনায় বেড়েছে। গত সপ্তাহে যেখানে এক থেকে দেড়শো যাত্রী যাতায়াত করত এখন তা বেড়ে ২শর উপরে। এই পথ দিয়ে যাতায়াতরত পাসপোর্ট যাত্রীদের সকল প্রকার কাগজপত্র যাচাইপূর্বক দ্রুত গমনাগমনে সকল ধরনের সহয়োগিতা করা হচ্ছে। তবে ভারত ভ্রমণ ভিসা বন্ধ রাখায় শুধুমাত্র মেডিক্যাল, বিজনেস ও স্টুডেন্ট ভিসায় পাসপোর্ট যাত্রীরা যাতায়াত করছে।