ফরিদপুরে সিলিং ফ্যানে ঝুলছিল শান্তা ইসলাম (৩২) নামে এক বিউটিশিয়ানের মরদেহ। মঙ্গলবার সকালে শহরের অনাথের মোড় এলাকার একটি ভাড়া বাসা থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ওই বিউটিশিয়ানের মরদেহ উদ্ধার করে কোতয়ালী থানা পুলিশ। তবে প্রাথমিকভাবে তার মৃত্যুর কারণ জানা যায়নি।
শান্তা ইসলাম ফরিদপুরে ইয়াং লাইফ অ্যাস্থেটিক অ্যান্ড লেজার সেন্টার নামক একটি বিউটি পার্লারের সত্ত্বাধিকারী ছিলেন।
তিনি ফরিদপুর সদরের নর্থ চ্যানেল ইউনিয়নের কাইয়ূম উদ্দিন মাতুব্বরের ডাঙ্গী নামক গ্রামের মৃত কাওসার মোল্যার মেয়ে। তিনি বিবাহিত ছিলেন। তবে তার স্বামীর সঙ্গে ২০২০ সালে বিচ্ছেদ হয় বলে জানা যায়।
ফরিদপুরের কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, শান্তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে প্রাথমিকভাবে তার মৃত্যুর কারণ জানা যায়নি। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।