ফরিদপুরে স্ত্রীকে ভারতে বিক্রি, স্বামীর যাবজ্জীবন ‎‎

‎ফরিদপুরে স্ত্রীকে বিয়ে করে ভারতে নিয়ে বিক্রি করার অপরাধে স্বামী সবুজ শেখ (২৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। 

কারাদণ্ডের পাশাপাশি আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায় আরো এক বছরের কারাদণ্ডের আদেশ দেন একই আদালত।

‎মঙ্গলবার দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ রায় দেন।‌ 

‎সাজাপ্রাপ্ত সবুজ শেখ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বন্দিগাঁ গ্রামের সিরাজ শেখের পুত্র। রায় ঘোষণার সময় আসামী আদালতে উপস্থিত ছিলেন না। 

‎মামলার এজাহার সুত্রে জানা যায়, মধুখালী উপজেলার মেসেরদিয়া গ্রামের ইমাম উদ্দিন শেখের মেয়ের সাথে সবুজের বিয়ে হয়। 

বিয়ের পরে তার মেয়েকে সবুজ সেখ ভারতে নিয়ে বিক্রি করে দেয়। পরে মেয়ের বাবা বাদী হয়ে মেয়ে জামাইকে আসামি করে থানায় একটি মামলা করে। দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেন।

‎এ বিষয়ে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন জানান, আমরা রাষ্ট্রপক্ষ মামলার এ রায়ে সন্তুষ্ট হয়েছি।