বগুড়ায় সড়ক দুর্ঘটনায় মা-শিশু নিহত, আহত ২

বগুড়ার আদমদীঘিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মা ও তার দুই বছরের শিশু কন্যা নিহত হয়েছেন।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে বগুড়া-নওগাঁ মহাসড়কের উপজেলা সদরের ডালম্বা এলাকায় একটি মিনিট্রাক, মোটরসাইকেল ও টমটমের ত্রিমুখী সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে আরও দু’জন আহত হয়েছেন।

নিহতরা হলেন, আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের ছাতনী গ্রামের কোরআন শিক্ষক নাজিরা আক্তার (২৭) ও তার শিশু কন্যা নাজিফা আক্তার (২)।

আহতরা হলেন নিহত নাজিরার স্বামী রমজান আলী (৩৮) ও টমটম যাত্রী দুপচাঁচিয়া উপজেলার চন্দ্রদীঘি গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী নাজমা বেগম (৪০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুরে উপজেলার বগুড়া-নওগাঁ মহাসড়কের ডালম্বা নামক স্থানে বগুড়া গামী একটি আটা বোঝাই মিনিট্রাক, নওগাঁ গামী একটি মোটরসাইকল ও বগুড়া গামী একটি টমটমের ত্রিমূখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মা ও তার শিশু কন্যা মর্মান্তিক ভাবে নিহত হয়। স্থানীয়রা ফায়ার সার্ভিস ও থানা পুলিশকে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মী ও থানা পুলিশের যৌথ অভিযানে নিহত ও আহতদের উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক ওই মা ও মেয়েকে মৃত ঘোষনা করেন। আহতরা বর্তমানে আদমদীঘি হাসপাতালে চিকিৎসাধীন।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান দুর্ঘটনায় দুইজন নিহত ও দুইজন আহতের বিষয়টি নিশ্চিত করেছেন।