গৃহায়ণ ও গণপূর্ত এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে পূজা করতে পারে এবং তাদের উপর যেনো কোন বাঁধা বা সমস্যার সৃষ্টি না হয় সে বিষয়ে সচেষ্ট রয়েছে সরকার।
বিভিন্ন মাধ্যমে যেটা জানতে পারছিলাম যে, বিভিন্ন বাঁধা আসবে। পূজায় অন্য দেশ থেকেও বাঁধা আসবে।
আমরা সেটা মোকাবেলা করার জন্য প্রস্তুত। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসনের দৃঢ়তাকেও দেখছি। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর যারা দায়িত্বে রয়েছেন তারা নিষ্ঠার সাথে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
ধর্মীয় উৎসবগুলো যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেজন্যে ছাত্রজনতা প্রশাসনকে সহযোগিতা করছে।
আজ মঙ্গলবার রাত সাড়ে ৭ টার দিকে মুন্সীগঞ্জ শহরের মালপাড়া এলাকার শ্রী শ্রী জয়কালী মাতা মন্দিরে শারদীয় দুর্গা উৎসবের পূজামন্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এসময় উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন, জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার শামসুল আলম সরকার।
শিল্প উপদেষ্টা বলেন, বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বী নাগরিকরা যেন সৌহার্দ্যের সঙ্গে শান্তিপূর্ণভাবে পূজা করতে পারেন তা নিশ্চিত করার চেষ্টা চলছে।
এসময় আওয়ামী লীগ পূনরায় সচল হবে কিনা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি আদালতের এখতিয়ার। আদালত যে সিদ্ধান্ত নেয়, সেটা মেনে নিবো। পরে শিল্প উপদেষ্টা ও দুদক চেয়ারম্যান জেলা শহরের বাগমামুদালী পাড়া ও ইদ্রাকপুর লক্ষèী নারায়ণ জিউর মন্দিরের পূজামন্ডপ পরিদর্শন করেন।