বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পর এবার ক্যানসার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা এনামুল হাসান ফারুকীর পাশে দাঁড়িয়েছেন দলটির নেতা ও সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। গতকাল মঙ্গলবার চিকিৎসা সহায়তাবাবদ নগদ অর্থ মাওলানা ফারুকীর হাতে তুলে দেন তিনি। এ সময় বিএনপির এ নেতা আগের মতো আলেমদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
এর আগেও হেফাজতের সাবেক আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীর ব্যক্তিগত সহকারী মাওলানা ফারুকীর চিকিৎসার জন্য তারেক রহমান ও ‘আমরা বিএনপি পরিবার’র পক্ষ থেকে তার পাশে দাঁড়িয়েছেন বিএনপি নেতাকর্মীরা।
সম্প্রতি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন ও কৃষিবিদ মোকছেদুল মমিনের নেতৃত্বে ‘আমরা বিএনপি পরিবার’ তার পাশে দাঁড়ায়।
গতকাল শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেন, ‘বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষ ও আলেম-ওলামাদের সঙ্গে জিয়া পরিবারের ঐতিহাসিক ও আন্তরিক সম্পর্ক রয়েছে। সেই সূত্র ধরেই আমি মাওলানা এনামুল হাসান ফারুকীর পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছি।’ তিনি বলেন, ‘আমরা জেনেছি সাধারণ মানুষ সাধ্যমতো ভালোবাসা নিয়ে মাওলানা ফারুকীর পাশে দাঁড়িয়েছেন।’
এ সময় আরও উপস্থিত ছিলেন লাবিব একাডেমি মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা সালেহ আহমদ আজম, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব ডক্টর মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম, সাংবাদিক মুফতি এনায়েতুল্লাহ, লেখক মাওলানা ওয়ালী উল্লাহ আরমান এবং চিকিৎসাবিষয়ক উপকমিটির সদস্য সচিব মুফতি রেজওয়ান রফিকী, লেখক মাওলানা আবদুল্লাহ আল ফারুক প্রমুখ।
রাজনৈতিক প্রতিহিংসার জেরে ২০২১ সালের মোদিবিরোধী আন্দোলনের সময় মিথ্যা ১৬টি মামলায় মাওলানা এনামুল হাসান ফারুকী কারাভোগ করেন। তিনি বাংলাদেশের সর্বোচ্চ চিকিৎসকদের পাশাপাশি চেন্নাই সিএমসি হাসপাতালে প্রায় বছরখানেক চিকিৎসা নিয়েছেন। শিগগিরই চীনের গুয়াংজু হাসপাতালে তার অস্ত্রোপচার হবে।
শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ অসুস্থ মাওলানা এনামুল হাসান ফারুকীর জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।