গাজীপুরের কাপাসিয়া বাজারে বুধবার সকালে আগুনে পুড়ে বিভিন্ন প্রজাতির প্রায় দুইশতাধিক পাখিসহ পাঁচটি দোকান ছাই হয়ে গেছে।
এ সময় দোকানঘর ও মালামাল মিলিয়ে প্রায় চল্লিশ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন দোকানিরা। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না তাসনিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
প্রত্যক্ষদর্শী ব্যবসায়ীরা জানান, গতকাল বুধবার সকাল পৌনে দশটার দিকে কাপাসিয়া বাজারের পুরাতন মাছ বাজারের পাশে গৌতম হার্ডওয়্যার স্টোরে হঠাৎ আগুন দেখা যায়। এর কিছু আগে দোকানের কর্মচারী দোকানঘরটি খুলে পাশের দোকানে গিয়েছিলেন।
দোকানে প্রচুর পরিমাণ রং ও কেমিক্যাল থাকায় মুহূর্তের মধ্যে আগুন পাশের লিটন বণিকের জেএনজি ইলেকট্রনিক্স দোকানেও ছড়িয়ে পড়ে।
এ সময় শীতল মণ্ডলের পাখির দোকানের লাভবার্ড, কোকাটেল, বাজরিগার, কোয়েলসহ নানা প্রজাতির প্রায় শতাধিক পাখি ও খাঁচা, রিপা বর্মণের দা-বটির দোকান এবং লিটন ঘোষের দা-বটির দোকানেও আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পরে দোকানিরা কাপাসিয়া ফায়ার সার্ভিসে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
কাপাসিয়া ফায়ার সার্ভিস স্টেশনের ওয়্যারহাউস ইন্সপেক্টর মাহফুজুর রহমান জানান, তাদের একটি ইউনিট প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিভাতে সক্ষম হয়।
দোকানঘর ও মালামালসহ প্রায় চল্লিশ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় আশপাশের শতাধিক দোকান বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পেয়েছে বলেও তিনি জানান।