গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় রামশীল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ক্লিনটনের বিরুদ্ধে এক ব্যবসায়ীসহ চারজনকে মারধর ও মোটরসাইকেল পোড়ানোর অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার রামশীল ইউনিয়নের রাজাপুর গ্রামে এই ঘটনা ঘটে। গুরুতর আহত ব্যবসায়ী ইমতিয়াজ ইসলাম শাওন (পঁচিশ) কে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
জানাগেছে, উপজেলার বাগানউত্তরপাড়া গ্রামের খাইরুল বশার নান্নু ছেলে ও সিকিরবাজারের গ্যাস ব্যবসায়ী ইমতিয়াজ ইসলাম শাওন তার কয়েকজন বন্ধুর সঙ্গে গত মঙ্গলবার দিবাগত রাতে রামশীল ইউনিয়নের রাজাপুর গ্রামে পূজা দেখতে যান।
এ সময় রামশীল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ক্লিনটন বিশ্বাস ও তার লোকজনের সঙ্গে মোটরসাইকেল সাইড দেওয়ার নিয়ে বাক্যবিবাদ হয়। কথাবিবাদের এক পর্যায়ে ক্লিনটন বিশ্বাস তার লোকজন নিয়ে ব্যবসায়ী ইমতিয়াজ ইসলাম শাওন (পঁচিশ), সোয়াদী শেখ (বিশ), রসুল ফকির (আঠারো), ফেরদাউস ঘরামী (উনিশ) কে মারধর করেন। মারধরের পরে ইমতিয়াজ ইসলাম শাওনের কাছ থেকে মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে ছাত্রদল নেতা ক্লিনটন বিশ্বাস সেটি রামশীল বিজ্রের উপর পুড়িয়ে ফেলে।
গুরুতর আহত ইমতিয়াজ ইসলাম শাওন বলেন, “মঙ্গলবার রাতে আমরা কয়েকজন বন্ধু মিলে দুটি মোটরসাইকেল নিয়ে রামশীলের রাজাপুরে পূজা দেখতে যাই। রাস্তায় মোটরসাইকেল সাইড দেওয়ার বিষয় নিয়ে ক্লিনটন বিশ্বাস আমাদের গালাগালি করে মারধর করে। এ সময় আমার সুজুকি এফআই মডেলের (গোপালগঞ্জ-ল-১১-৭৬৫৪) মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে রামশীল বিজ্রের উপর পুড়িয়ে ফেলে।”
রামশীল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ক্লিনটন বিশ্বাস বলেন, “গ্যাস ব্যবসায়ী ইমতিয়াজ ইসলাম শাওন কয়েকটি মোটরসাইকেল নিয়ে আমাদের গাড়ির গতিরোধ করে আমাদের মারধর করার চেষ্টা করে। একপর্যায়ে এলাকাবাসী এসে ইমতিয়াজ ইসলাম শাওনের মোটরসাইকেল পুড়িয়ে ফেলে। আমরা কাউকে মারধর করি নি। আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে।”
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লালন শেখ বলেন, “রামশীল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ক্লিনটনের বিরুদ্ধে ব্যবসায়ীকে মারধর ও মোটরসাইকেল পোড়ানোর অভিযোগ পেয়েছি। যদি অভিযোগ সত্য প্রমাণিত হয়, তবে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।”
কোটালীপাড়া থানার ওসি খন্দকার হাফিজুর রহমান বলেন, “এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”