সরকারি সফরে তুরস্ক গেলেন বিমানবাহিনী প্রধান

সরকারি সফরে তুরস্ক গেছেন বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। গতকাল বুধবার তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তুরস্কের উদ্দেশে যাত্রা করেন। তুরস্কের বিমানবাহিনী প্রধানের আমন্ত্রণে ১ থেকে ৫ অক্টোবর পর্যন্ত চলবে বিমানবাহিনী প্রধানের এ সফর।

সফরকালে তিনি তুরস্কের বিমানবাহিনী প্রধান, প্রতিরক্ষা শিল্প সংস্থার সচিব এবং উচ্চপর্যায়ের সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আলোচনায় অংশ নেবেন। আলোচনায় পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় যেমন প্রতিরক্ষা সহযোগিতা, প্রযুক্তি বিনিময় ও প্রশিক্ষণবিষয়ক বিষয়াদি গুরুত্ব পাবে।

এ ছাড়া, এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন সফরকালে তার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজসহ তুরস্কের বিভিন্ন সরকারি ও বেসরকারি সামরিক সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠান পরিদর্শন করবেন।

এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে প্রতিরক্ষা খাতে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর ও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে। বিমানবাহিনী প্রধান ৬ অক্টোবর দেশে ফিরে আসবেন। আইএসপিআর