নির্বাচনে বিএনপির চেয়ে জামায়াত এগিয়ে: দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, নির্বাচনী প্রস্তুতির দিক থেকে জামায়াত বিএনপিসহ অন্যান্য দলের তুলনায় এগিয়ে রয়েছে। তিনি উল্লেখ করেন, ইতোমধ্যে জামায়াত তাদের প্রার্থী ঘোষণা করে মাঠে নেমে পড়েছে। তাই আগামী নির্বাচনে জামায়াত অংশগ্রহণ করবে না-এ ধরনের ধারণা সঠিক নয়।

বুধবার (১ অক্টোবর) রাতে নীলফামারীর সৈয়দপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

শামসুজ্জামান দুদু বলেন, পিআর পদ্ধতি হচ্ছে সাংবিধানিক ব্যাপার। এটি পরিবর্তন করতে হলে সংবিধানকে পরিবর্তন করতে হবে। কেউ চাইলেই হবে না।

তিনি আরও বলেন, যে কোনো রাজনৈতিক দলকে তাদের বক্তব্য জনগণের সামনে আনতেই পারে। এতে তাদের স্বাধীনতা রয়েছে। তবে বিএনপি ৩১ দফার ভিত্তিতে নির্বাচন করবে। আর বিএনপি বিশ্বাস করে নির্বাচনী তফসিল ঘোষণা হলেই জামায়াতসহ সব দল নির্বাচনে অংশ নিবে।

এসময় দলীয় নেতাকর্মীদের মধ্যে সৈয়দপুর বিএনপির সভাপতি আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক শাহিন আকতার ও পূজা উদযাপন পরিষদের সভাপতি রাজ কুমার পদ্দারসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।