ঝিনাইদহ সদর উপজেলার ১৮ মাইল এলাকায় যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত ভ্যানের সংঘর্ষে শিশুসহ দুইজন নিহত হয়েছে। তারা হলেন সিফাত হোসেন (১০) ও ভ্যানচালক নজরুল ইসলাম (৫৫)। এ সময় আহত হয়েছে আরও একজন। বৃহস্পতিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নজরুল ইসলাম পূর্বাতান এলাকার নিজামুদ্দিনের ছেলে ও সিফাত হোসেন চুয়াডাঙ্গা জীবননগর উপজেলার মিনাজপুর গ্রামের রুবেল হোসেনের ছেলে।
স্থানীয়রা জানায়, দুপুরে সদর উপজেলার হলিধানী বাজার থেকে যাত্রী নিয়ে নগরবাথান বাজারে যাচ্ছিলেন ভ্যানচালক নজরুল ইসলাম। পথে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের ১৮ মাইলে পৌঁছালে সামনের দিক থেকে আসা মন্ডল পরিবহনের একটি বাস ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সিফাত হোসেন নামের ১০ বছরের এক শিশু নিহত হয়। আহত হয় ভ্যানচালক নজরুল ইসলামসহ ২ জন। তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নজরুল ইসলামকে মৃত ঘোষণা করেন। অপর ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হওয়ার ঘটনা কেন্দ্র করে স্থানীয়রা ১৮ মাইল বাজারে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রর্দশন করছে। রাস্তা অবরোধের কারণে সড়কের উভয় পাশে আটকা পড়েছে শতাধিক যানবাহন। চরম দুর্ভোগে পড়ে সাধারণ যাত্রীরা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
ঝিনাইদহ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।