নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য শঙ্কার : ফারুক

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, ‘জাতিসংঘে গিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে যে মন্তব্য করেছেন, তা আগামী জাতীয় নির্বাচন নিয়ে জনমনে শঙ্কা আরও বাড়িয়ে দিয়েছে।’ গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে ঢাকাস্থ সেনবাগ ফোরামের উদ্যোগে দেশের সমসাময়িক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় ফারুক এসব কথা বলেন।

ফারুক বলেন, ‘বাংলাদেশের সামনে নির্বাচন নিয়ে একটি শঙ্কার সৃষ্টি হয়েছে। জাতিসংঘে গিয়ে প্রধান উপদেষ্টা আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, অনেকেই নাকি তাকে আরও পাঁচ বছর ক্ষমতায় থাকতে বলেছেন। এমন বক্তব্য দিয়ে তিনি আসলে কী বার্তা দিতে চাচ্ছেন, সেটিই এখন প্রশ্ন। তিনি এই কথা বলে নির্বাচন নিয়ে শঙ্কা আরও বাড়িয়ে দিয়েছেন।’

তিনি বলেন, ‘যারা পাহাড়ে এই অশান্তি সৃষ্টি করছে, যারা আমাদের মধ্যে অনৈক্য সৃষ্টির জন্য প্রয়াস চালিয়ে যাচ্ছে, তারা মূলত জাতীয় নির্বাচন বানচালের প্রচেষ্টায় লিপ্ত। কেউ কেউ বলছে, আওয়ামী লীগ তো নিষিদ্ধতারা কি নির্বাচনে অংশ নিতে পারবে? অথচ সরকারের আইন উপদেষ্টা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, তারা নির্বাচন করতে পারবে না। এসব বিষয় ঘিরে একটি ঘোলাটে পরিবেশ সৃষ্টি করা হচ্ছে।’

প্রধান উপদেষ্টার উদ্দেশে ফারুক বলেন, ‘এক বছর তিন মাস আপনি ক্ষমতায় আছেন। এ সময়ে আওয়ামী লীগ সরকার যে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, তা কতটুকু ফিরিয়ে আনতে পেরেছেন? ব্যাংকগুলোর করুণ অবস্থা কেন? আপনি তো একজন গ্রহণযোগ্য ব্যক্তি। আমরা আপনাকে সম্মান করি, শ্রদ্ধা করি। আপনার প্রতি আত্মবিশ্বাস আছে বলেই আমাদের দল এখনো বলে যেকোনো বিষয়ে আপনার সঙ্গে আছে এবং থাকবে। কিন্তু আপনি যদি বলেন, জনগণ আপনাকে পাঁচ বছর ক্ষমতায় রাখবে, তাহলে প্রশ্ন উঠবে-এই পাঁচ বছরও কী গত এক বছরের মতো চলবে?’