গাজার উদ্দেশে ছুটছে ফ্লোটিলার শেষ জাহাজ ‘দ্য ম্যারিনেট’

ইসরায়েলি নৌবাহিনীর কঠোর নজরদারি ও বাধা সত্ত্বেও এখনো অবরুদ্ধ গাজা উপত্যকার দিকে অগ্রসর হচ্ছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সর্বশেষ নৌযান ‘দ্য ম্যারিনেট’। বহরের অন্যান্য জাহাজ আটকাতে সক্ষম হলেও পোল্যান্ডের পতাকা বহনকারী এ জাহাজটি এখন পর্যন্ত আটকানো যায়নি। বিষয়টি নিশ্চিত করেছে আল–জাজিরা।

সর্বশেষ প্রাপ্ত তথ্যে জানা গেছে, গাজা উপকূল থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরত্বে অবস্থান করছে জাহাজটি। এতে রয়েছেন ছয়জন মানবাধিকারকর্মী।

যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ার পর সেটি মেরামত করে ফের যাত্রা শুরু করে ‘দ্য ম্যারিনেট’। বর্তমানে এটি ঘণ্টায় ২ দশমিক এক ছয় নটিক্যাল মাইল বেগে গাজার দিকে অগ্রসর হচ্ছে।

স্টারলিংকের মাধ্যমে বাইরের বিশ্বের সঙ্গে এখনও যোগাযোগ রক্ষা করছে নৌযানটি। এর আগে, সুমুদ ফ্লোটিলার মোট ৪৪টি নৌযানের মধ্যে ৪৩টিই জব্দ করেছে ইসরায়েলি বাহিনী।

ইতোমধ্যে পাঁচ শতাধিক মানবাধিকারকর্মীকে ইসরায়েলের আশদোদ বন্দরে নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে তাঁদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।