টাকা না পেয়ে বাবাকে গলাকেটে হত্যার অভিযোগ

খুলনায় টাকা না পেয়ে ক্ষিপ্ত হয়ে বাবাকে গলা কেটে হত্যা করার অভিযোগ উঠেছে ছেলে আবু বকর লিমনের বিরুদ্ধে। বৃহস্পতিবার (০২ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে নগরীর বসুপাড়া বাঁশতলায় এই হত্যাকাণ্ড ঘটে।

নিহত লিটন খান ওই এলাকার বাসিন্দা ও পেশায় মাছ বিক্রেতা। 

নগরীর সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, লিটন খান সম্প্রতি একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ৫০ হাজার টাকা ঋণ নেন। ওই টাকা থেকে ছেলে লিমন ২০ হাজার টাকা দাবি করেন। কিন্তু ছেলে নেশাগ্রস্ত হওয়ায় বাবা টাকা দিতে অস্বীকৃতি জানায়। বৃহস্পতিবার রাতে লিটন খান বাসায় একা থাকার সুযোগ নেয় ছেলে লিমন ও তার স্ত্রী চাঁদনী। প্রথমে তারা লিটন খানকে গলায় ফাঁস দিয়ে পরবর্তীতে মৃত্যু নিশ্চিত করতে গলা কেটে পালিয়ে যায়।

ওসি জানান, হত্যাকাণ্ডের সঙ্গে ছেলে আবু বকর লিমন ও তার স্ত্রী চাঁদনী সরাসরি জড়িত। ময়নাতদন্তের জন্য মরদেহ  খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।