আমাদের পরিচয় বাংলাদেশি সংখ্যালঘু বলে কিছু নেই: এবিএম মোশাররফ

জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, আমাদের পরিচয় বাংলাদেশি সংখ্যালঘু বলে কিছু নেই।

তিনি জানান, আমরা সকলেই সামগ্রিকভাবে বাংলাদেশি। এটাই আমাদের সবচেয়ে বড় পরিচয়। দেশে ‘সংখ্যালঘু’ নামে কোনো আলাদা পরিচয়ের ধারণে বিশ্বাস করেন না।

বৃহস্পতিবার (০২ অক্টোবর) রাতে কুয়াকাটর মহিপুরের মধ্যবাজারে শ্রী শ্রী আখড়াবাড়ি মন্দির প্রাঙ্গণে মতবিনিময় সভায় বিএনপি নেতা এ বি এম মোশাররফ হোসেন এসব কথা বলেন।

তিনি বলেন, রাষ্ট্র আমাকে যে অধিকার দিয়েছে, আপনাকেও তা দিয়েছে। বিএনপি এমন একটি দল, যারা সব মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বরাবরই আন্তরিক ও সক্রিয়।

এ সময় মোশাররফ হোসেন দাবি করেন, ২০২৪ সালের ৫ থেকে ৮ আগস্ট পর্যন্ত ‘সরকারশূন্য’ সময়ে  দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়সহ সব মতাদর্শের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে ছিল বিএনপির নেতাকর্মীরা।

তিনি বলেন, নির্বাচন কেন্দ্রিক বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির সরকার গঠনের সম্ভাবনা সবচেয়ে বেশি। তারপরও যদি ক্ষমতায় যেতে না পারি, বিএনপি বিগত দিনের মতো আগামীতেও আপনাদের পাশে থাকবে।