বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, বিএনপি অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে।
তিনি বলেন, সবার সাংবিধানিক অধিকার রয়েছে। তাই আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদূঢ় করতে চাই। আমরা আগে ও আপনাদের পাশে ছিলাম ভবিষ্যতেও পাশে থাকবো।
বৃহস্পতিবার (০২ অক্টোবর) সন্ধ্যায় নরসিংদী শহরের বাগ বিতান ক্লাবে পূজামণ্ডপে পরিদর্শনকালে বিএনপির যুগ্ম মহাসচিব এসব কথা বলেন।
তিনি বলেন,আমাদের দল ধর্মীয় মূল্যবোধে বিশ্বাস করে। এই দেশের সকল ধর্মের মানুষের একটা পরিচয় বাংলাদেশি। আমরা চাই সংখ্যা লঘু ও সংখ্যা গুরু বলে কেউ যেনো আর বৈষম্য না দেখায়।
খায়রুল কবির খোকন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারা দেশে পূজামণ্ডপের নিরাপত্তা দিতে নেতাকর্মীরা কাজ করেছে। আমরা খবর পেয়েছি স্বৈরাচারের দোসররা গভীর চক্রান্তে লিপ্ত হয়েছিল। তারা চেয়েছিল পূজামণ্ডপে বিশৃঙ্খলা, নাশকতার ইস্যু তৈরি করে আন্তজার্তিকভাবে ফায়দা নেওয়ার। এই সুযোগ যাতে না নিতে পারে সেজন্য সারা দেশে বিএনপির নেতাকর্মীরা সজাগ ছিল।
তিনি বলেন, এছাড়া প্রতিটি মণ্ডপে কমিটি করে ভল্টায়িারের মাধ্যমে বিএনপির নেতারা পাহারা দিয়েছে। যাতে দুর্বৃত্তকারী ও ষড়যন্ত্রকারীরা কোনো নাশকতার সুযোগ না পায়।
এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন-জেলা বিএনপির সহসভাপতি হারুন অর রশিদ, শহর বিএনপির সভাপতি গোলাম কবির কামাল, জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ, নরসিংদী জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক দীপক কুমার বর্মন প্রিন্স, সদস্য সচিব মিঠু রঞ্জন ধর প্রমুখ।