টেকনাফে পাচারকালে নারী-শিশুসহ উদ্ধার ৩৮, আটক ২

কক্সবাজারের টেকনাফের যৌথ অভিযান চালিয়ে নারী ও শিশুসহ ৩৮ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌবাহিনী। এ সময় দুই মানবপাচারকারীকে আটক করা হয়েছে। শুক্রবার (০৩ অক্টোবর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন। 

বৃহস্পতিবার (০২ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের গহীন পাহাড় থেকে তাদের উদ্ধার কর হয়। 

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা সিয়াম-উল-হক জানান, গোপন খবর পেয়ে বৃহস্পতিবার রাত ২টার দিকে বাহারছড়ার কচ্ছপিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের পাহাড়ি এলাকায় অভিযান চালানো হয়। আভিযানে পাচারকারীদের আস্তানা থেকে ১৮ নারী, ৮ শিশু ও ১২ জন পুরুষকে উদ্ধার করা হয়। এ সময় যৌথবাহিনী দুইজন মানবপাচারকারীকে আটক করতে সক্ষম হয়।

ভুক্তভোগীদের বরাতে তিনি জানান, পাচারকারীরা মালয়েশিয়াসহ দক্ষিণাঞ্চলীয় বিভিন্ন দেশে পাচারের উদ্দেশ্যে তাদের আটক রেখে মুক্তিপণ আদায় ও নির্যাতন করছিল।

উদ্ধারদের প্রাথমিক সহায়তা দেওয়া হয়েছে এবং আটকদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান কোস্ট গার্ডের কর্মকর্তা সিয়াম-উল-হক।