গাজায় ইসরায়েলি গণহত্যার জন্য দায়ী মার্কিন ভেটো: জাতিসংঘে ইরান

জাতিসংঘে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ইরানের রাষ্ট্রদূত। নিরাপত্তা পরিষদে ওয়াশিংটন ধারাবাহিক ভেটো প্রয়োগের মাধ্যমে ইসরায়েলি অপরাধকে আড়াল করছে বলে অভিযোগ করেছেন। তিনি জোর দিয়ে বলেন, এই ভেটো তেলআবিবকে গণহত্যা, যুদ্ধাপরাধ ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন অব্যাহত রাখার সাহস যুগিয়েছে।

ইরানের রাষ্ট্রদূত সাঈদ ইরাভানি ১ অক্টোবর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে এই বক্তব্য দেন। অধিবেশনে গাজায় নৃশংস যুদ্ধের অবসান ঠেকাতে ইসরায়েলের প্রচেষ্টার বিষয়টি আলোচনায় আসে।

বক্তব্যে ইরাভানি বলেন, অত্যন্ত দুঃখজনক যে, সাম্প্রতিক মাসগুলোতে ষষ্ঠবারের মতো নিরাপত্তা পরিষদ ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে নির্মম আগ্রাসন থামানোর জন্য কোনো প্রস্তাব গৃহীত করতে ব্যর্থ হয়েছে। এ ব্যর্থতার মূল কারণ ধারাবাহিকভাবে যুক্তরাষ্ট্রের মাধ্যমে ভেটোর অপব্যবহার।

তিনি বলেন, এই ভেটো শুধু আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে প্রাধান্য পাওয়া ইচ্ছার পরিপন্থী নয়, যারা বারবার ন্যায়বিচার, শান্তি ও ফিলিস্তিনি জনগণের অখণ্ড অধিকার সমর্থন করেছে এমনকি যুক্তরাষ্ট্র যে শান্তি রক্ষার ভূমিকায় প্রতিশ্রুতিবদ্ধ বলে দাবি করে তার সাথেও সরাসরি সাংঘর্ষিক। বাস্তবে যুক্তরাষ্ট্র মূলত দখলদার আগ্রাসীকে আড়াল করছে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের সুযোগ দিচ্ছে।

ইরাভানি বলেন, ইসরায়েল দীর্ঘদিন ধরে দখলদারিত্ব, নির্বিচার বোমাবর্ষণ, অবরোধ, ঘরবাড়ি ভাঙচুর ও পবিত্র স্থান আক্রমণ চালাচ্ছে, যা গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের শামিল। তিনি দাবি করেন, জাতিসংঘের স্বাধীন তদন্ত কমিশনও দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের গণহত্যা নিশ্চিত করেছে।

তিনি নিরাপত্তা পরিষদকে অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর, মানবিক সহায়তায় অবরোধ প্রত্যাহার, ফিলিস্তিনকে পূর্ণাঙ্গ জাতিসংঘ সদস্যপদ প্রদান এবং ইসরায়েলের ওপর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

ইরাভানি বলেন, ‘ফিলিস্তিনে গণহত্যা ও দখলদারিত্ব বন্ধ করা এবং স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা আন্তর্জাতিক সম্প্রদায়ের যৌথ দাবি ও সব সদস্য রাষ্ট্রের দায়িত্ব।’

তিনি বলেন, এই কর্মকাণ্ড আন্তর্জাতিক অপরাধ আদালতের রোম সংবিধি অনুযায়ী গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অন্তর্ভুক্ত। জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক অনুসন্ধান কমিশন ইতোমধ্যেই আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে যে ইসরায়েলি শাসন দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে গণহত্যা চালিয়েছে।