চ্যাটজিপিটির মতো অ্যাপ তৈরি অ্যাপলের

টেক জায়ান্ট অ্যাপল এবার চ্যাটজিপিটি ধাঁচের অ্যাপ তৈরি করেছে। তবে পরীক্ষামূলক টুলটি সাধারণ ব্যবহারকারীদের জন্য নয়, বরং কোম্পানির অভ্যন্তরে সিরির বড় ধরনের সংস্কার পরীক্ষা করার কাজে ব্যবহার হচ্ছে। অ্যাপল বিশেষজ্ঞ হিসেবে পরিচিত মার্ক গুরম্যান এসব তথ্য জানিয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী অ্যাপলের প্রকৌশলীরা নতুন অ্যাপটি দিয়ে সিরির আসন্ন ফিচারগুলো যাচাই করছেন। নতুন ফিচারে আছে আরও তীক্ষèভাবে বোঝার ক্ষমতা, একসঙ্গে একাধিক অ্যাপের কাজ সামলানো এবং ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যের সঙ্গে গভীরভাবে একীভূত হওয়ার মতো সুবিধা।

ভেরিটাস নামের বিশেষ টুলটি ব্যবহারকারীর ব্যক্তিগত ডাটা, যেমন ই-মেইল বা মিউজিক লাইব্রেরি ব্যবহার করতে পারে। এ ছাড়া এটি অ্যাপের ছবি এডিটের মতো কাজও করতে পারে। ভেরিটেস দেখতে অন্যান্য প্রচলিত চ্যাটবটগুলোর মতোই। চ্যাটবটটি একই সময় একের বেশি ভিন্ন বিষয় নিয়ে আলাদাভাবে আলোচনা করতে পারে, আগের কথোপকথন মনে রাখতে পারে এবং আরও দীর্ঘ, স্বাভাবিক সংলাপের সুযোগ দেয়।

এর আগে মার্ক গুরম্যান জানিয়েছিলেন, অ্যাপলের নতুন এআই চ্যাটবটটি ইন্টারনেট থেকে তথ্য নিয়ে ব্যবহারকারীর প্রশ্নের উত্তর দিতে পারবে। প্ল্যাটফর্মটি আলাদা একটি অ্যাপ হিসেবে আসতে পারে অথবা সিরি, সাফারি ও অ্যাপলের অন্যান্য পরিষেবায় সার্চ ফিচারকে উন্নত করতেও ব্যবহার হতে পারে। বৈশ্বিক এআই খাতে এখনো বড় কোনো প্রভাব ফেলতে পারেনি অ্যাপল। যদিও টেক জায়ান্টটি ২০২৪ সালে নিজস্ব এআই প্রযুক্তি ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ চালু করেছিল। কিন্তু এরপর প্রতিষ্ঠানটি নিজেরাই প্রকাশ্যে স্বীকার করেছে, পরিকল্পনাটি বাস্তবায়নের কিছু জায়গায় ভুলের কারণে অ্যাপল এআই দৌড়ে পিছিয়ে পড়েছে। এখন পর্যন্ত অ্যাপলের এআই সুবিধাগুলোর মধ্যে টেক্সট মেসেজ সারাংশের মতো ফিচারগুলো বেশ সাধারণ ও তেমন কার্যকর নয় বলেও মনে করেন অনেকে।

আইওএস ১৮ আসার পর থেকেই উন্নত সিরি তৈরিতে কাজ করছে অ্যাপল। প্রথমে ‘অ্যাপল ইন্টেলিজেন্স সিরি’ নামে নতুন ফিচারটি চালু করার পরিকল্পনা ছিল কোম্পানিটির। তবে অ্যাপলের মানদ- পূরণ করতে না পারায় এটি স্থগিত রাখা হয়।