রাজধানীর শাহবাগসংলগ্ন আজিজ সুপার মার্কেটের দোকান মালিক সমিতির কমিটি গঠন নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এর জের ধরে গতকাল শুক্রবার দুপুরে জুমার নামাজের পর দোকান মালিক সমিতির বর্তমান কমিটির নেতারা মার্কেটের সবকটি ফটকে তালা লাগিয়ে দেন। এতে ক্ষতির মুখে পড়েন মার্কেটের সাধারণ ব্যবসায়ীরা। খবর পেয়ে শাহবাগ থানার পুলিশ এসে ঘণ্টাখানেক পর ফটকগুলো খুলে দেয়। তবে গতকাল সন্ধ্যায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত মার্কেটে স্বাভাবিক অবস্থা ফেরেনি।সরেজমিনে দেখা যায়, পুলিশ মার্কেটের তালা খুলে দিলেও ভেতরে তেমন লোকজন দেখা যায়নি। দোতলার বেশিরভাগ দোকানপাট বন্ধ ছিল।
দোকান মালিক সমিতির কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের বিষয় উল্লেখ করে মার্কেটের একটি বইয়ের দোকানের একজন কর্মচারী বলেন, গত বুধবার রাতে বর্তমান কমিটির নেতাদের সঙ্গে অন্য পক্ষের কথা-কাটাকাটি হয়। দুর্গাপূজার দিন বৃহস্পতিবার মার্কেট বন্ধ ছিল। শুক্রবার (গতকাল) সকালে যথারীতি মার্কেট খোলে। কিন্তু বুধবার রাতের ওই দ্বন্দ্বের জেরে জুমার নামাজের পর দুপুর ২টার দিকে হঠাৎ মার্কেটে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বর্তমান কমিটির নেতারা ভেতর থেকে ফটকগুলোয় তালা লাগিয়ে দেন।
নাম প্রকাশ না করার শর্তে আরেকজন দোকানি বলেন, পাঁচ দিন ধরে দোকান মালিক সমিতির কমিটি নিয়ে বিএনপির দুপক্ষের দ্বন্দ্ব চলছিল। দ্বন্দ্বের কারণে বৃহস্পতিবার মার্কেট বন্ধ ছিল। শুক্রবার মার্কেট খুললেও দুপুরের পর আবার উত্তেজনা দেখা দেয়। এতে ভয়ে সব দোকান বন্ধ করে ব্যবসায়ীরা বাসায় চলে যান।
এ বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন (মিন্টু) বলেন, বিভিন্ন মাধ্যমে খবর পাই আজিজ মার্কেটে কমিটি গঠন নিয়ে ভাঙচুর হয়েছে। তবে সেখানে আমাদের দলের কোনো নেতাকর্মী জড়িত নয়।
শাহবাগ থানার ওসি মনসুর খালিদ বলেন, আজিজ সুপার মার্কেটে দোকান মালিক সমিতির কমিটি গঠন নিয়ে দুপক্ষের দ্বন্দ্ব চলে আসছিল। একটি পক্ষ কমিটি গঠন করতে চায়। আরেকটি পক্ষ নতুন কমিটি গঠন করার বিপক্ষে। এ নিয়ে দুপক্ষের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয় এবং শুক্রবার দুপুরে একটি পক্ষ মার্কেটে ঢোকার কলাপসিবল গেটগুলো বন্ধ করে দেয়। খবর পেয়ে পুলিশ মার্কেটে গিয়ে দুপক্ষের সঙ্গে কথা বলে এবং মার্কেটে ঢোকার ফটকগুলো খুলে দেয়। এরপর পরিস্থিতি স্বাভাবিক হয়।