বেগমগঞ্জে চার মামলার আসামিকে কুপিয়ে হত্যা

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চুরি, ছিনতাই চাঁদাবাজিসহ ৪ মামলার এজাহারভুক্ত আসামি আরমান হোসেন বিজয়কে (১৮) কুপিয়ে হত্যা করেছে দৃর্বৃত্তরা।

শুক্রবার (৩ অক্টোবর) রাত ১২টায় উপজেলার একলাশপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে। আরমান হোসেন বিজয় উপজেলার হাজীপুর ইউনিয়নে ১নং ওয়ার্ডের শাহীন চৌধুরীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার মধ্যরাতে বেগমগঞ্জের একলাশপুর থেকে নিজ বাড়ি হাজীপুর যাওয়ার পথে ৪/৫ জন দুর্বৃত্ত তাকে গতিপথ অবরোধ করে এলোপাতাড়ি কুপিয়ে রাস্তায় ফেলে চলে যায়।

পরে স্থানীয়রা তাকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নোয়াখালীর পুলিশ সুপার মো. আবদুল্লাহ আল ফারুক জানান, গতরাতে বেগমগঞ্জে একজনকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। যাকে হত্যা করা হয়েছে তার বিরুদ্ধে থানায় চাঁদাবাজি, চুরিসহ বিভিন্ন অপরাধের ৪টি মামলা রয়েছে। এই ঘটনায় পুলিশ অপরাধীদের সনাক্তকরণে কাজ চালিয়ে যাচ্ছে।