পাবনা-ঢাকা রেল যোগাযোগ চালুর প্রক্রিয়া চলছে: রেল সচিব

দ্রুত সময়ের মধ্যে পাবনা-ঢাকা রেল যোগাযোগ চালুর প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে বলে জানিয়েছেন রেল সচিব মো. ফাহিমুল ইসলাম শোভন। 

পাশাপাশি পাবনার কাজীরহাট ফেরিঘাট খাসচরে স্থানান্তরের প্রস্তাবনা বর্তমানে পর্যালোচনার মধ্যে রয়েছে বলে নিশ্চিত করেছেন সড়ক ও জনপথ মন্ত্রণালয়ের পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক। 

শুক্রবার (০৩ অক্টোবর) সন্ধ্যায় পাবনার ঢালারচরের নারাদহে আরিচা-খাসচর ফেরি সংযোগ প্রকল্প এলাকা পরিদর্শন শেষে তারা এসব তথ্য জানান।

রেল সচিব ফাহিমুল ইসলাম শোভন বলেন, সরেজমিন পরিদর্শনে মানুষের দাবি ও অভিজ্ঞতা বুঝতে পেরেছি। যা সরকারের নীতিনির্ধারণী মহলে উপস্থাপন করা হবে। পাবনা-ঢাকা রেল যোগাযোগ চালুর ক্ষেত্রে অনেক সম্ভাবনা রয়েছে।

সিনিয়র সচিব এহছানুল হক বলেন, কাজীরহাট ফেরিঘাট খাসচরে স্থানান্তর হলে মাত্র ৪ কিলোমিটার নদী পাড়ি দিয়ে আরিচায় পৌঁছানো যাবে। যা সময় ও খরচ বাঁচাবে এবং ঢাকা যাতায়াতের বিকল্প রুট গড়ে উঠবে। এজন্য নারাদহ থেকে খাসচর পর্যন্ত দুটি ব্রিজসহ সাড়ে ৫ কিলোমিটার সড়ক নির্মাণ করতে হবে।

তিনি জানান, নৌপথ, পানি সম্পদ ও সড়ক মন্ত্রণালয়ের সমন্বয়ে পরিকল্পনা প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হবে এবং দ্রুত প্রকল্প বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা চালানো হবে।

দুই সচিব পরিদর্শনের সময় তাদের সঙ্গে আরও উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ অধিদপ্তর, রেলওয়ে, অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষসহ অন্যান্য সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্মকর্তারা। এছাড়া বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারি অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-২ আসনের সাবেক এমপি একেএম সেলিম রেজা হাবিব, জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, জেলা জামায়াতের নায়েবে আমির প্রিন্সিপাল ইকবাল হোসাইনসহ অন্যান্য রাজনৈতিক ও সামাজিক নেতারা উপস্থিত ছিলেন।