হামাসের প্রতি ইতিবাচক প্রতিক্রিয়া ট্রাম্পের, ‌‘বিস্মিত’ নেতানিয়াহু

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কিছু মন্তব্যে বিস্মিত ও হতবাক হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু। ইসরায়েলি গণমাধ্যমে প্রকাশিত খবরে এ তথ্য জানা গেছে।

মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, হামাসের প্রতিক্রিয়া ইতিবাচক দিকে যাচ্ছে। এছাড়া তিনি ইসরায়েলকে গাজায় বোমাবর্ষণ বন্ধ করার আহ্বান জানিয়েছেন।

ইসরায়েলি গণমাধ্যম জানায়, নেতানিয়াহু চেয়েছিলেন হামাসের বক্তব্যের জবাবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে সমন্বিত প্রতিক্রিয়া জানাবে। তাদের উদ্দেশ্য ছিল, হামাসের বক্তব্য যেন কোনোভাবেই ইতিবাচক হিসেবে দেখা না যায়।

নেতানিয়াহুর এ অপ্রস্তুত অবস্থা থেকে তার চিন্তাভাবনা স্পষ্ট বোঝা যাচ্ছে। তাকে এখন তার সরকারের সঙ্গে বৈঠক করতে হবে এবং জোটের মধ্যে এই চুক্তি নিয়ে আলোচনা করতে হবে। শেষ পর্যন্ত এ বিষয়ে ভোটাভুটিরও সিদ্ধান্ত নেওয়া হবে।

তবে ইসরায়েলের বিরোধীদলীয় নেতা বলেছেন, নেতানিয়াহুর জন্য একটি ‘রাজনৈতিক সুরক্ষা বেষ্টনী’ থাকবে। এর অর্থ হলো, নেতানিয়াহুর ডানপন্থি জোটের সদস্যরা যদি কোনো কারণে এই চুক্তিতে অংশ নিতে না চান, তাহলে বিরোধী দলগুলো এগিয়ে আসবে। তারা নেতানিয়াহুর সঙ্গে মিলে জাতীয় ঐক্যের সরকার গঠন করতে পারে।

এই জাতীয় ঐক্যের সরকার চুক্তিটি পাস করাবে এবং এরপর দেশ নতুন নির্বাচনের দিকে এগিয়ে যাবে।

ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়, বিরোধী নেতা বলেন, আমরা ইসরায়েলি জিম্মিদের পরিবারের সদস্যদের কাছ থেকেও খবর পাচ্ছি। তাঁরা বলছেন যে মার্কিন প্রেসিডেন্ট যা বলেছেন, সেটাকে তাঁরা পুরোপুরি সমর্থন করেন। এর মধ্যে গাজায় বোমাবর্ষণ বন্ধের বিষয়টিও রয়েছে। কারণ, তাঁরা আশঙ্কা করছেন, এই বোমাবর্ষণের ফলে সেখানে আটকে থাকা জিম্মিদের কেবল ক্ষতিই হবে বা হয়তো তাঁদের মৃত্যুও হতে পারে।

খবরে আরও বলা হয়, ইসরায়েলের ভেতরে আগে থেকেই ব্যাপক রাজনৈতিক অস্থিরতা চলছে। আগামী ২৪ ঘণ্টার কম সময়ের মধ্যে এই চুক্তির দাবিতে দেশটির রাস্তায় বিক্ষোভও হতে পারে।