ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ পার্কিং, ৫ বাস আটক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জ বাসস্ট্যান্ডে অবৈধ গাড়ি পার্কিং করে যাত্রী ওঠানো এবং নামানোর অভিযোগে পাঁচটি বাস আটক করেছে সেনাবাহিনী। আজ শনিবার দুপুরে দাউদকান্দি আর্মি ক্যাম্প থেকে প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার বিকেলে মহাসড়কের ইলিয়টগঞ্জ বাসস্ট্যান্ডে কয়েকটি বাস দাঁড়িয়ে থাকায় কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে সেনাবাহিনীর একটি অভিযানিক দল পাপিয়া, একতা, রূপালী, তিশা ও লাব্বাইক নামের পাঁচটি বাস আটক করে। কাগজপত্র যাচাই করে দেখা যায় আটককৃত প্রত্যেকটি বাস সড়কে চলাচলের অনুপযোগী। আটক গাড়িগুলো ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মহাসড়কের গৌরীপুর ও ইলিয়টগঞ্জ বাসস্ট্যান্ডে অবৈধ পার্কিংয়ের জন্য প্রতিনিয়তই দুর্ভোগের সম্মুখীন হতে হচ্ছে, তাই জনসাধারণের দুর্ভোগ লাগবে সেনাবাহিনীর এই অভিযান অব্যাহত থাকবে।