নির্মিত হলো চলচ্চিত্র ‘নিদ্রাসুর’

শান্তির ঘুমের জন্য মানুষ সর্বাত্মক চেষ্টা করে। কিন্তু বিভিন্ন কারণে মানুষ ঘুমাতে পারে না। ফলে বিভিন্ন মানুষিক ও শারীরিক সমস্যা তৈরি হয় এবং জীবন দুর্বিষহ হয়ে ওঠে। এরকম একজন ঘুমহীন মানুষের গল্প নিয়ে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিদ্রাসুর’ (Sweet Sleep)। এই ঘুমহীন মানুষের চরিত্রে অভিনয় করেছেন ওমর মালিক। এছাড়া এই চলচ্চিত্রে আরও অভিনয় করেছেন রুনা খান, মোঃ ইকবাল হোসেন, সঞ্চিতা দত্ত,আশিক সরকার ও কাকন চৌধুরী। 

অভিনেতা ওমর মালিক বলেন, নির্মাতা বয়াতির সঙ্গে দীর্ঘদিনের পরিচয়।তার কাজ আমি পছন্দ করি। একসঙ্গে কাজ হবে-হবে করে আর হয়ে ওঠেনি। তবে এবার হয়েছে। নিদ্রাসুর-এর গল্প আমাকে এতটাই আকৃষ্ট করেছে যে সকল প্রতিকূলতা মোকাবিলা করে কাজটি সম্পন্ন করতে সক্ষম হয়েছি। আশা করছি দেশ ও দেশের বাহিরের বিভিন্ন চলচ্চিত্র উৎসব এবং দর্শকদের মন জয় করবে নিদ্রাসুর।’ 

জাহাঙ্গীর হোসেন আপনের গল্পে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি নির্মাণ করেছেন ‘নয়া মানুষ’ দিয়ে আলোচনায় আশা নির্মাতা সোহেল রানা বয়াতি। চলচ্চিত্রটি নিয়ে বয়াতি বলেন ‘চলচ্চিত্র নির্মাণ করা আমার মূল লক্ষ্য। আমার ক্যারিয়ার শুরু হয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ দিয়ে। দীর্ঘদিন পর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করে বেশ আনন্দ পেয়েছি। পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের পাশাপাশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ অব্যাহত রাখতে চাই। মানুষের গল্প তুলে ধরতে চাই।’ 

পরিচালক জানান, প্রযোজনা প্রতিষ্ঠান সেন্সর ও অন্যান্য আনুষ্ঠানিক কার্যক্রম শেষ করে দেশি-বিদেশি চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করার প্রস্তুতি নিচ্ছে।