প্রথম পাঁচ বলে রানই পাননি। ষষ্ঠ বলে আসে প্রথম রান, সেটি ছিল ছক্কা। ছক্কা মেরে রানের খাতা খোলা হারজাস সিং এরপর যা করলেন, তা অবিশ্বাস্য। খেললেন ১৪১ বল, রান করলেন ৩১৪! ট্রিপল সেঞ্চুরির সেই ইনিংসে চার ১৪টি, ছক্কা ৩৪টি।
তার ছক্কায় হারিয়েছে বেশ কিছু বলও। হারিয়ে যাওয়া বলগুলোর মোট মূল্য প্রায় ২ হাজার অস্ট্রেলিয়ান ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা)। ২০ বছর বয়সী হারজাস এমন ইনিংস খেলেছেন টি-টোয়েন্টি নয় নিউ সাউথ ওয়েলস ফার্স্ট গ্রেড ক্রিকেটে। সিডনির শীর্ষ ওয়ানডে প্রতিযোগিতাতে ওয়েস্টার্ন সাবআর্বসের হয়ে সিডনি ক্রিকেট ক্লাবের বিপক্ষে এই কীর্তি গড়েন তিনি।
ভারতীয় বংশোদ্ভূত হারজাস গত বছর অস্ট্রেলিয়ার হয়ে অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে খেলেছেন। ম্যাচে ওয়েস্টার্ন সাবআর্বস করে ৫ উইকেটে ৪৮৩ রান। নিউ সাউথ ওয়েলস ফার্স্ট গ্রেড ক্রিকেটে হারজাসের ইনিংসটি অবশ্য সর্বোচ্চ নয়। ১৯০৩ সালে রেডফার্নের বিপক্ষে পাডিংটনের ভিক্টর ট্রাম্পারের ৩৩৫ রান এখনো সর্বোচ্চ।
উইজডেনের তথ্য বলছে, এ ম্যাচের লিস্ট ‘এ’ মর্যাদা নেই। লিস্ট ‘এ’ ক্রিকেটে সর্বোচ্চ রানের ইনিংস ভারতের এন জগদিসানের ২৭৭।