খাগড়াছড়িতে সড়ক অবরোধ পুরোপুরি প্রত্যাহার

খাগড়াছড়িতে আগামী ৫ অক্টোবর পর্যন্ত স্থগিত করা সড়ক অবরোধ এবার পুরোপুরি প্রত্যাহার করেছে জুম্ম ছাত্র জনতা। শনিবার (৪ অক্টোবর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

মানবিক কারণ ও প্রশাসনের আশ্বাসকে আংশিক বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এদিকে অবরোধ পুরোপুরি প্রত্যাহার করায় যেকোনও সময় ১৪৪ ধারা তুলে নেওয়া হতে পারে।

জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার জানান, আইনশৃঙ্খলা বাহিনীর চাহিদার ভিত্তিতে সহসাই ১৪৪ ধারা প্রত্যাহারের ঘোষণা দেওয়া হবে।

খাগড়াছড়িতে ধর্ষণ ঘটনার প্রতিবাদে ডাকা অনির্দিষ্টকালের অবরোধ গত মঙ্গলবার রাত ১১টা থেকে ৫ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছিল। গত ২৩ সেপ্টেম্বর এক মারমা স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে ডাকা ওই অবরোধ ঘিরে ২৭ ও ২৮ সেপ্টেম্বর খাগড়াছড়ি সদর ও গুইমারায় সংঘর্ষ, অগ্নিসংযোগ ও সহিংসতায় তিনজন নিহত হন এবং সেনা কর্মকর্তাসহ বহু মানুষ আহত হন।