কীভাবে নির্বাচন সম্ভব বোধগম্য নয় : আনিসুল

জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, ‘পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে প্রতিদিনই কোনো না কোনো মানুষ হত্যাকা-ের শিকার হচ্ছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। এর মধ্যে কীভাবে জাতীয় নির্বাচন সম্ভব তা বোধগম্য নয়।’ গতকাল শনিবার বিকেলে রাজধানীর গুলশানে হাওলাদার টাওয়ারে জাতীয় পার্টির প্রয়াত মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

মামলাবাণিজ্য চলার অভিযোগ করে আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ‘দেশের শহর বন্দর, গ্রামে, নগরে এখনো বিরামহীনভাবে চাঁদাবাজি চলছে। প্রতিদিন মানুষ হত্যাকা-ের শিকার হচ্ছে। নদীতে ভাসছে অজ্ঞাত লাশ। আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। উন্নতির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। সব মানুষের মাঝে অস্থিরতা। এর মধ্যে কীভাবে জাতীয় নির্বাচন সম্ভব আমার বোধগম্য হচ্ছে না।’

তিনি বলেন, ‘বর্তমানে দেশে সব ধরনের নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়-ক্ষমতার বাইরে। শ্রমিক, কৃষক, পোশাককর্মী, দিনমজুর, রিকশাওয়ালা, ভ্যানচালক, ক্ষুদ্র ব্যবসায়ীসহ সব শ্রেণিপেশার মানুষ নানা সমস্যায় জর্জরিত। এ অবস্থার মধ্যে সরকার যে নির্বাচনের কথা বলছে, তা আদৌ কতটুকু গ্রহণযোগ্য, নিরপেক্ষ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক হবে তা নিয়ে শঙ্কা রয়েছে।’