সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি গ্রেপ্তার ৩

ছাত্র সমন্বয়ক পরিচয়ে রাজধানীর উত্তরায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজির অভিযোগে আসাদুর রহমান আকাশ (২৪) ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।  গতকাল শনিবার ভোর রাতে উত্তরার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অন্য দুজন হলেনÑ মো. ফরিদ উদ্দিন (২৬) ও মো. রবিন (২৫)।

উত্তরা আর্মি ক্যাম্প সূত্র জানায়, গ্রেপ্তার সন্ত্রাসী চক্রের প্রধান আসাদুর রহমান আকাশসহ তার সহযোগীরা নিজেদের ছাত্র সমন্বয়ক পরিচয় দিয়েছেন। তারা উত্তরা এলাকায় দীর্ঘদিন ধরে আতঙ্ক সৃষ্টি করা ও চাঁদাবাজিসহ নানারকম বেআইনি কার্যক্রমে জড়িত ছিলেন। এ ছাড়া আগেও আকাশের নেতৃত্বে কিশোর গ্যাং বাহিনীর সদস্যরা উত্তরার বিভিন্ন এলাকায় মারামারি ও মব সৃষ্টির ঘটনাও ঘটিয়েছে।

সূত্র আরও জানায়, সম্প্রতি আকাশের নেতৃত্বে উত্তরায় তিন সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, হুমকিসহ নানা ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ পাওয়া গেছে। এরই মধ্যে সিসিটিভি ফুটেজে সাংবাদিকদের ওপর ওই হামলার প্রমাণও পাওয়া গেছে। এসব অভিযোগের ভিত্তিতে আকাশসহ অন্যদের গ্রেপ্তার করা হয়।