গাজীপুরে পৃথক দুই স্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় আরোহীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হন দুজন।
শনিবার (৪ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে জেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় চালক ও আরোহী নিহত হন।
এ ঘটনার আধা ঘণ্টা পর শহরের চৌরাস্তা-জয়দেবপুর সড়কের ধান গবেষণা ইনস্টিটিউট এলাকায় একটি মোটরসাইকেলে চালকসহ তিনজন যাচ্ছিলেন। এসময় একটি প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষ হলে মোটরসাইকেলের পেছনে থাকা এক যুবক সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। এসময় চালকসহ দুজন গুরুতর আহত হন। পরে আহতদের সদর হাসপাতালে নেওয়া হয়।
দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি পুলিশ।
গাজীপুর মহানগরের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, রাজেন্দ্রপুর এলাকায় একটি মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। তবে বিস্তারিত এখনো জানা যায়নি। এছাড়া ধান গবেষণা ইনস্টিটিউট এলাকাতেও দুর্ঘটনায় একজন নিহত ও দুজন আহত হন। নিহতের লাশ মর্গে নেওয়া হয়েছে এবং আহতদের হাসপাতালে ভর্তি করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।