মেসির অ্যাসিস্টের হ্যাটট্রিকে দুই ম্যাচ পর জিতেও সাপোর্টার্স শিল্ড খোয়ালো মায়ামি

মহাতারকা লিওনেল মেসির হ্যাটট্রিক অ্যাসিস্টে নিউ ইংল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়েছে ইন্টার মায়ামি। মেজর লিগ সকারের ম্যাচে আজ ভোরে মেসিরা জেতেন ৪-১ ব্যবধানে। এর আগে গত দুই ম্যাচ ধরে জয়হীন থাকতে হয়েছিল হেরনসদের। ম্যাচে জোড়া গোল করেন তাদেও আলেন্দে ও জর্দি আলবা। তবে নিউ ইয়র্ক সিটিকে ফিলাডেলফিয়া ১-০ গোলে হারিয়ে দেওয়ায় মেসিদের সাপোর্টার্স শিল্ড জেতার সম্ভাবনা শেষ হয়ে গেছে।

পুরো ম্যাচে ৫৬ শতাংশ সময় বল দখলে রাখে মায়ামি। গোলমুখে নেয় ১৫টি শট, যার মধ্যে ৮টিই ছিল লক্ষ্যে। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকা মায়ামি প্রথমার্ধেই এগিয়ে যায় ২-০ ব্যবধানে। দুটি গোলেই সরাসরি অবদান রাখেন মেসি। ৩২তম মিনিটে তার নিখুঁত পাস থেকে গোল করেন আলেন্দে। বক্সের ডানপ্রান্তে পাওয়া বল থেকে ডান পায়ের জোরালো শটে জাল খুঁজে নেন তিনি। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ফের জ্বলে ওঠেন মেসি। বক্সে ঢুকে চার ডিফেন্ডারকে পরাস্ত করে পাস বাড়ান আলবার উদ্দেশে, আর স্প্যানিশ ডিফেন্ডারটি ঠান্ডা মাথায় বল জড়ান জালে।

দ্বিতীয়ার্ধে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে নিউ ইংল্যান্ড। ৫৯তম মিনিটে ডর তুর্গেমানের দূরপাল্লার শটে এক গোল শোধ করে তারা। তবে এক মিনিট পরই আবারও মেসির জাদু। মাঝমাঠ থেকে তার দারুণ ক্রসে অফসাইড ফাঁদ এড়িয়ে বল পেয়ে আলেন্দে জড়ান জালে, পূর্ণ করেন নিজের জোড়া গোল। তিন মিনিট পর আলবার শটে ব্যবধান বাড়ে ৪-১-এ; সেগোভিয়ার পাস পেয়ে দুই ডিফেন্ডার ও গোলরক্ষককে পরাস্ত করে ম্যাচের দ্বিতীয় গোলটি করেন তিনি।

শেষ পর্যন্ত আর গোল শোধ করতে পারেনি নিউ ইংল্যান্ড। ৪-১ ব্যবধানেই জয় নিয়ে মাঠ ছাড়ে মায়ামি। টরন্টোর সঙ্গে ১-১ ড্র আর শিকাগোর কাছে ৫-৩ গোলের হার—এমন ব্যাকফুটে থাকা মায়ামি আবারও জয়ের ছন্দে ফিরলো। এই জয়ের ফলে ৩২ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেনস টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে মেসির দল। শীর্ষে আছে ফিলাডেলফিয়া, ৩৩ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে। ৬২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে সিনসিনাটি। বাকি দুই ম্যাচ জিতলেও ফিলাডেলফিয়াকে ছুঁতে পারবেন না মেসিরা।