বিশ্বকাপের গ্রুপ থেকেই বিদায় ব্রাজিলের, সেরা হয়ে নকআউটে আর্জেন্টিনা

বিশ্বকাপ মঞ্চে এবার লজ্জাজনক বিদায় নিতে হলো ব্রাজিলকে। একটিও ম্যাচে জয়ের মুখ না দেখেই গ্রুপ পর্ব থেকে ছিটকে গেছে সেলেসাওরা। অন্যদিকে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা দুর্দান্ত পারফরম্যান্সে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে জায়গা করে নিয়েছে নকআউট পর্বে। এমনটা হয়েছে চিলিতে অনুষ্ঠিত ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে।

অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ‘সি’ গ্রুপে ছিল ব্রাজিল। তাদের সঙ্গে একই গ্রুপে ছিল স্পেন, মরক্কো ও মেক্সিকো। বিস্ময় জাগিয়ে এই গ্রুপ থেকে পরের রাউন্ডে উঠে গেছে মরক্কো ও মেক্সিকো। তৃতীয় হয়ে স্পেনও জায়গা করে নিয়েছে শেষ ষোলোয়। মেক্সিকোর বিপক্ষে ২-২ গোলের ড্র দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করেছিল ব্রাজিল। এরপর মরক্কোর কাছে ২-১ গোলে হেরে বড় ধাক্কা খায় দলটি। তবে তখনও শেষ ষোলোয় খেলার আশা ছিল তাদের সামনে—দ্বিতীয় বা সেরা তৃতীয় দল হিসেবে পরের রাউন্ডে ওঠার সুযোগ ছিল সেলেসাওদের হাতে। কিন্তু শনিবার রাতে স্পেনের বিপক্ষে ১-০ গোলের হারে শেষ হয়ে যায় সেই সম্ভাবনাও। ম্যাচের ৪৭ মিনিটে ব্রাভোর করা একমাত্র গোলই ব্রাজিলের বিদায়ের কারণ হয়। সমতা ফেরানোর চেষ্টা করেও সফল হয়নি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ফল, গ্রুপ পর্ব থেকেই হতাশার বিদায়।

অন্যদিকে, ‘ডি’ গ্রুপে দুর্দান্ত ফর্মে ছিল আর্জেন্টিনা। তিন ম্যাচে তিন জয় তুলে নিয়ে গ্রুপ সেরা হিসেবে শেষ ষোলো নিশ্চিত করেছে তারা। প্রথম ম্যাচে কিউবাকে হারায় সারকোর জোড়া গোল ও সুবিয়াব্রের শটে। এরপর সারকো, পেরেজ, সুবিয়াব্রে ও আন্দিনোর গোলে ৪-১ ব্যবধানে অস্ট্রেলিয়াকে হারায় আলবিসেলেস্তেরা। সর্বশেষ ম্যাচে গোরোসিতোর আত্মঘাতী গোলে ইতালিকে হারিয়ে তারা পাকা করে গ্রুপ শ্রেষ্ঠত্ব। আগামী ৮ অক্টোবর শেষ ষোলোর ম্যাচ খেলবে আর্জেন্টিনা।