হঠাৎ ঝড়ে লণ্ডভণ্ড লালমনিরহাটের কয়েকটি গ্রাম, আহত ৩

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় আকস্মিক ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে কয়েকটি গ্রাম। এতে শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্তসহ ঘরের টিন ও ইটের আঘাতে তিনজন আহত হয়েছেন। রবিবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ভোটমারী ইউনিয়নের কয়েকটি গ্রামের ওপর দিয়ে এ ঝড়ে বয়ে যায়। এসময় অসংখ্য গাছপালা উপড়ে পড়ে।

আহতরা হলেন- বাদশা মিয়া (৪০), মামুদ মিয়া (৭০) ও শহিদুল ইসলাম (৪৬)। তাদেরকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী মো. শাহিনুর রহমান বলেন, সকাল থেকে মাঝারি বৃষ্টি হচ্ছিল। হঠাৎ প্রবল বাতাস বইতে শুরু করে। কয়েক মিনিটের ঝড়ের বাতাসে অনেক ঘরবাড়ি ভেঙে যায়, গাছপালা উপড়ে পড়ে।

ঝড়টা আরও কিছুক্ষণ স্থায়ী হলে ক্ষতির পরিমাণ আরও ভয়াবহ হতো বলেন শাহিনুর রহমান।

এ দিকে, ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন। স্থানীয় জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবীরা ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন।

ভোটমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরহাদ হোসেন বলেন, মধ্য শ্রুতিধর ও চর নোহালী গ্রামে অন্তত ৫০টি পরিবারের শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে জানানো হয়েছে।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. জাকিয়া খাতুন বলেন, ঘূর্ণিঝড়ে ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ার খবর পেয়েছি। ইতোমধ্যে ঘটনাস্থলে তদন্ত দল পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা তৈরি হচ্ছে। তাদের সহায়তার ব্যবস্থা নেওয়া হবে।