টাঙ্গাইলের সখীপুর উপজেলায় কচুয়া-আড়াইপাড়া সড়কের প্রায় তিন কিলোমিটার সংস্কার কাজের উদ্যোগে নিয়েছেন লাবীব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর রাসেল। রবিবার (০৫ অক্টোবর) সকাল থেকে সংস্কার কাজ শুরু হয়।
স্থানীয়রা জানায়, বর্ষাকাল শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই জন গুরুত্বপূর্ণ এ সড়কটি ভেঙেচূড়ে ছোট বড় গর্তের সৃষ্টি হয়। বিকল্প রাস্তা না থাকায় ভারী যানবাহনসহ ছোট বড় গাড়ি এই রাস্তা দিয়ে প্রতিদিনই যাতায়াত করে। সম্প্রতি সড়কটি যানবাহন ছাড়া জনগণের চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এতে অসহনীয় ও চরম দুর্ভোগের শিকার হচ্ছেন চলাচলকারীরা। সম্প্রতি ফেসবুকে এ সড়কের দুর্ভোগের চিত্র নজরে আসে লাবীব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর রাসেলের। তিনি তাৎক্ষণিক রাস্তা সংস্কারের উদ্যোগ নেন।
কালিয়াপাড়া ডাকাতিয়া মাজেদা মজিদ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ইয়াসিন আলী জানান, দীর্ঘদিন যাবত এ সড়কের বেহাল দশা চলমান ছিল। জনদুর্ভোগ নিরসনে লাবীব গ্রুপ এগিয়ে এসেছেন। এলাকাবাসী হিসেবে ধন্যবাদ জানাই।
এই মহৎ উদ্যোগের বিষয়ে লাবীব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর রাসেল বলেন, কচুয়া-আড়াইপাড়া সড়কটি দীর্ঘদিন ধরে জন দুর্ভোগের কারণ ছিল। ওই এলাকার মানুষের সেই দুর্ভোগ আমাকে ভীষণভাবে নাড়া দিয়েছে। তাই ব্যক্তিগত উদ্যোগেই সড়ক সংস্কারের কাজটি শুরু করেছি।
তিনি বলেন,সমাজের মানুষের প্রতি দায়িত্ব ও দায়বদ্ধতা থেকেই মূলত কাজটি করেছি। লক্ষ্য একটাই সখীপুরের মানুষ যেন নিরাপদে ও নির্বিঘ্নে পথ চলতে পারেন।
সালাউদ্দিন আলমগীর বলেন, সুন্দর, নিরাপদ ও উন্নত সখীপুর গড়তে শুধু আমার একার চেষ্টা যথেষ্ট নয়। সবাইকে সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসতে হবে। পজিটিভ মানসিকতা নিয়ে সবাই এক সঙ্গে কাজ করলে এটা কঠিন কিছু হবে না বলে আমি মনে করি।