‘ঢাকা বিভাগ ছাড়ব না, অন্য বিভাগে যাব না’ দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে মাদারীপুরের বাসিন্দারা। তাদের দাবি, মাদারীপুর জেলা যেন প্রস্তাবিত ফরিদপুর বিভাগের অন্তর্ভুক্ত না হয়ে ঢাকা বিভাগের সঙ্গেই থাকে।
এ বিষয়ে সরকারের নীতি নির্ধারক মহলকে বার্তা পৌছে দেওয়ার লক্ষ্যে রবিবার (৫ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় সামনে মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, মাদারীপুর জেলা ঐতিহাসিকভাবে, ভৌগোলিকভাবে এবং অর্থনৈতিকভাবে ঢাকার সঙ্গে গভীরভাবে সংযুক্ত। পদ্মা সেতুর উদ্বোধনের পর জেলার সঙ্গে ঢাকার যোগাযোগ আরও সহজ ও দ্রুত হয়েছে, যা প্রশাসনিক ও জনসেবামূলক কার্যক্রমে ঢাকাকে কেন্দ্র করে একটি বাস্তব নির্ভরতা সৃষ্টি করেছে।
মাদারীপুরবাসীর মতে, জেলার জীবনযাত্রা, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, ব্যবসা-বাণিজ্য ও প্রশাসনিক কর্মকাণ্ড সবই ঢাকাকেন্দ্রিক। অপরদিকে, ফরিদপুরের সঙ্গে মাদারীপুরের দূরত্ব, সীমিত যোগাযোগব্যবস্থা ও অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে নতুন বিভাগে অন্তর্ভুক্ত হলে জনগণের সময়, অর্থ ও ভোগান্তি বহুগুণে বৃদ্ধি পাবে।
স্মারকলিপিতে আরও বলা হয়েছে, স্থানীয় জনমতকে উপেক্ষা করে প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হলে তা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী হবে। তাই জনগণের ইচ্ছা ও বাস্তবতার আলোকে মাদারীপুর জেলার সর্বস্তরের মানুষ বিনীতভাবে সরকারের প্রতি মাদারীপুর জেলাকে বর্তমানের ন্যায় ঢাকা বিভাগের সাথেই সংযুক্ত রাখা হোক।
মানববন্ধনে মাদারীপুরবাসীর দাবির কর্মসূচিতে স্থানীয় রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, তরুণ প্রজন্ম ও সর্বস্তরের জনগণ সকলে উপস্থিত ছিলেন।
এছাড়াও মাদারীপুরবাসী সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় তুলে ফেলেছে, ইতোমধ্যে ফেসবুকে নিজেদের প্রোফাইলে ঢাকা বিভাগ ছাড়ব না, অন্য বিভাগে যাব না লোগো ব্যবহার করে প্রতিবাদ শুরু করেছে।