মৌলভীবাজারের শ্রীমঙ্গলের খাইছড়া চা বাগানের লেকপাড় থেকে প্রায় ১২ ফুট লম্বা ও ২১ কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
রবিবার (৫ অক্টোবর) দুপুরে চা বাগানে কর্মরত চা শ্রমিকরা প্রথমে সাপটিকে দেখতে পায়। সাপ দেখে শ্রমিকরা আতঙ্কিত হয়ে বাগান ব্যবস্থাপকে বিষয়টি জানান।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে ফিনলে চা কোম্পানির ভাড়াউড়া চা বাগানের ব্যবস্থাপক সাদিকুর রহমান ও খাইছড়া চা বাগানের সহকারী ব্যবস্থাপক আবু নাসির মো. জামান নাহিদ শ্রীমঙ্গলের বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে সাপের বিষয়টি জানান।
খবর পেয়ে দুপুর সাড়ে ১২টার দিকে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে থেকে অজগর সাপটিকে উদ্ধার করে নিয়ে আসেন।
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন এর পরিচালক স্বপন দেব সজল জানান, উদ্ধার করা অজগর সাপটির দৈর্ঘ্য প্রায় ১২ ফুট এবং ওজন ২১ কেজি। পরবর্তীতে উদ্ধারকৃত অজগর সাপটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।