বাগেরহাটের রামপালে সেনাবাহিনীর ক্যাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেনা সদস্যসহ দুইজনের মৃত্যু হয়েছে। তাদের দুজনের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
আজ রবিবার সকাল সাড়ে ১১টার দিকে রামপাল কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রে এই ঘটনা ঘটে। তারা হলেন সেনাসদস্য আরিফ হোসেন ও ধোপা মো. হাছিব।
বাগেরহাটের রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, রবিবার সকাল সাড়ে ১১টার দিকে রামপাল কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রে অবস্থিত সেনাবাহিনীর ক্যাম্পের ছাদে মো. হাছিব নামের এক ধোপা ভিজা কাপড় শুকাতে দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে পড়েন। বিদ্যুতায়িত হয়ে পড়া ধোপা হাছিবকে বাঁচাতে ছুটে যান ক্যাম্পের সেনা সদস্য আরিফ হোসেন। সেসময় দুজনই বিদ্যুতায়িত হয়ে ছাদে পড়ে যান। পরে আরেক সেনা সদস্য তা দেখতে পেয়ে সেখানে গিয়ে তাদের দ্রুত উদ্ধার করে বিদ্যুৎ কেন্দ্রের ভেতরে থাকা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
তিনি জানান, সেখানে যাওয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নেওয়ার পথে তাদের মৃত্যু হয়েছে বলে ধারনা করা হচ্ছে। তাদের দুজনের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।