ফয়জুল করিম

চাঁদাবাজ-সন্ত্রাস দমন করতে না পারলে গদি ছাড়তে হবে

ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, দীর্ঘ দিন পর্যন্ত যারা এ দেশ পরিচালনা করেছে তারা মানুষকে শান্তি দিতে পারেনি। বর্তমান অন্তর্বর্তী সরকার জুলুম, অত্যাচার, অবিচার, খুন-খারাপি বন্ধ করতে পারেনি। আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির শাসন জনগণ দেখেছে। তাদের শাসনে সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। শুধু দেশ, দল ও নেতা পরিবর্তন করে শান্তি আসবে না। শান্তি তখনই আসবে, যখন আমরা নীতি-আদর্শের পরিবর্তন আনতে পারব এবং ইসলামের সুমহান আদর্শকে রাষ্ট্র ও সমাজ জীবনে প্রতিষ্ঠা করতে পারব।

রোববার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার উদ্যোগে নরসিংদীর সাটিরপাড়া কে. কে. ইনস্টিটিউশন স্কুল এন্ড কলেজ মাঠে এক গণসমাবেশে তিনি এসব কথা বলেন।

মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বর্তমান অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বলেন, পার্বত্য এলাকার জন্য ভিন্ন আইন কেন থাকবে, তারা যদি বাংলাদেশের নাগরিক হয় তবে তাদের সাথে কিসের শান্তিচুক্তি? দেশের অন্য জেলায় যে আইন, পার্বত্য অঞ্চলে সেই একই আইন থাকতে হবে। ভিন্ন আইন আমরা চাই না। পার্বত্য অঞ্চলের জন্য যদি ভিন্ন আইন করা হয়, তাহলে ওরা ভাববে তারা ভিন্ন জাতি। একপর্যায়ে তারা চিন্তা করবে স্বাধীন হওয়ার।

তিনি বলেন, চাঁদাবাজ, সন্ত্রাস কঠোর হস্তে দমন করতে হবে। আর যদি না পারেন তবে আপনি ব্যর্থ এবং আপনাকে অবশ্যই গদি ছাড়তে হবে।

তিনি নরসিংদীর বিভিন্ন চাঁদাবাজদের এক সপ্তাহের মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার উদ্দেশ্যে বলেন, সমস্ত চাঁদাবাজদের গ্রেপ্তার এবং বিচারের আওতায় যদি না আনতে পারেন, তবে আপনার উচিত স্ব-ইচ্ছায় ক্ষমতা ছেড়ে দেওয়া। এমন অযোগ্য উপদেষ্টা এ দেশের মানুষ দেখতে চায় না।

নরসিংদী জেলা শাখার সভাপতি আব্দুল ওয়াহাব মোল্লার সভাপতিত্বে গণসমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মুফতি দেলোয়ার হোসাইন সাকি, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমাদ মানসুর, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মাওলানা আরিফ বিন মেহের উদ্দিন, নরসিংদী জেলা সেক্রেটারি রাকিবুল হাসান প্রমুখ।